চেয়ারম্যানদের বিরোধে ফেরত গেল এডিবির ৭০ লাখ টাকা
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নের জন্য এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বরাদ্দ ৭০ লাখ টাকা ফেরত গেছে। প্রকল্পের তালিকা প্রণয়ন নিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানদের মধ্যে দ্বন্দ্বের কারণে প্রকল্প চূড়ান্ত করা যায়নি। এ কারণে ওই বরাদ্দ টাকা ফেরত গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর সূত্রে জানা যায়, উপজেলার ১১টি ইউনিয়নের গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য চলতি বছরের জানুয়ারিতে এডিবির ৭০ লাখ টাকা বরাদ্দ আসে। ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি সিমলা-রোকনপুর ইউপির চেয়ারম্যান গোলাম রসুল জানান, এডিবির বরাদ্দ আসার পর ইউএনও আনজুমান আরা উপজেলা সমন্বয় কমিটির সভায় সব ইউপি চেয়ারম্যানের কাছে প্রকল্পের তালিকা চান। এরপর ইউপি চেয়ারম্যানরা তালিকা পাঠানো শুরু করেন।কিন্তু উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল আজিম ইউপি চেয়ারম্যানদের তালিকা মানতে আপত্তি করেন। তিনি তাঁর সঙ্গে সমন্বয় করে তালিকা করতে বলেন। এ নিয়ে ইউপি চেয়ারম্যানরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এ কারণে চারজন ইউপি চেয়ারম্যান তালিকা জমা দেননি। জামাল ইউপির চেয়ারম্যান শহিদুল ইসলাম জানান, উপজেলা চেয়ারম্যান তালিকা তৈরির ক্ষেত্রে তাঁর সঙ্গে সমন্বয় করার কথা বলায় দ্বন্দ্বের সৃষ্টি হয়। এ কারণে উন্নয়নকাজ করতে তাঁরা ব্যর্থ হয়েছেন।কোলা ইউপির চেয়ারম্যান আয়ুব হোসেন জানান, ইউএনও কয়েকটি ইউনিয়ন থেকে তালিকা না পেয়ে গোটা এলাকার মানুষকে বঞ্চিত করেছেন। এলজিইডির উপজেলা প্রকৌশলী নজরুল ইসলাম জানান, সর্বশেষ গত ৯ মে উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় তিনি চেয়ারম্যানদের তালিকা দিতে অনুরোধ করেছেন। কিন্তু তাঁরা প্রকল্পের তালিকা না দেওয়ায় কাজ করাতে ব্যর্থ হয়েছেন। উপজেলার বিদায়ী ইউএনও আনজুমান আরা জানান, প্রকল্পের তালিকা প্রণয়ন নিয়ে উপজেলা চেয়ারম্যানের সঙ্গে বিরোধের কারণে ইউপি চেয়ারম্যানরা যথাসময়ে তালিকা জমা দেননি। ফলে প্রকল্পের কাজ করা যায়নি। আর সাতটি ইউনিয়ন থেকে ৯ মে তালিকা পাওয়া গেছে। ওই সময়ে দরপত্র আহ্বান করে ৩০ জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ করানো সম্ভব হতো না।উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল আজিম বলেন, সরকারের পরিপত্রে তালিকা প্রণয়নের ক্ষেত্রে তাঁর সঙ্গে সমন্বয় করার কথা রয়েছে। কিন্তু ইউএনও আগে থেকেই ইউপি চেয়ারম্যানদের কাছে তালিকা চাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। তিনি আরও বলেন, বেশ কয়েকটি ইউনিয়ন সমন্বয়ের মাধ্যমে প্রকল্প জমা দিলেও ইউএনও তা অনুমোদনের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠাননি। যে কারণে টাকা ফেরত চলে গেছে।