পূবালী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যানসহ আট পরিচালকের পদ শূন্য ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল আবেদনও নিষ্পত্তি করেন আদালত।
প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ দেন।
হাইকোর্ট গত ২৫ ফেব্রুয়ারি ওই আটজনকে পরিচালক পদে নির্বাচিত করা অবৈধ এবং তাঁদের পদ শূন্য ঘোষণা করে রায় দিয়েছিলেন।
ওই আটজন হলেন চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার এবং পরিচালক মো. ফাইজুর রহমান, আহমেদ শফি চৌধুরী, ফাহিম আহমেদ ফারুক চৌধুরী, এম কবিরুজ্জামান ইয়াকুব, রোমানা শরিফ, আজিজুর রহমান ও সুরাইয়া রহমান।
এই রায়ের স্থগিতাদেশ চেয়ে ২৬ ফেব্রুয়ারি ওই আট পরিচালক চেম্বার বিচারপতির আদালতে আবেদন করেন।
চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী শুনানি নিয়ে হাইকোর্টের দেওয়া রায়ে গত রোববার পর্যন্ত স্থগিতাদেশ দিয়ে বিষয়টি শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠান। রোববার শুনানির পর গতকাল আদেশের জন্য দিন ধার্য ছিল।
গত বছরের ২১ আগস্ট পূবালী ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ওই আট পরিচালক নির্বাচিত হন।
এর আগে ওই পরিচালকদের ২ শতাংশ শেয়ার না থাকায় পূবালী ব্যাংকের নির্বাচন কমিশন তাঁদের মনোনয়ন অবৈধ ঘোষণা করে।
আদালতে ব্যাংকের একজন শেয়ারহোল্ডারের পক্ষে ছিলেন আইনজীবী এ এফ হাসান আরিফ।