চেয়ারম্যানসহ তিনজনকে জরিমানা
ভ্রাম্যমাণ আদালত গত বুধবার বিকেলে বগুড়া শহরতলির মাটিডালি এলাকায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার দায়ে যুবলীগের স্থানীয় এক নেতাসহ তিনজনকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে প্রত্যেককে দুই মাস করে কারাদণ্ড দিয়েছেন।
আদালতের বিচারক বগুড়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান এ দণ্ডাদেশ দেন। সাজাপ্রাপ্তরা হলেন উপজেলার ফাঁপোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, এক নারী এবং ওই আবাসিক হোটেলের ব্যবস্থাপক রাজু মিয়া।
নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান বলেন, ‘আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে বুধবার বিকেলে মাটিডালি এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে হোটেলের একটি কক্ষ থেকে আবদুর রাজ্জাক ও ওই নারীকে হাতেনাতে আটক করা হয়। পরে এ দুজনকে ২৫ হাজার টাকা করে ৫০ হাজার টাকা এবং হোটেল ম্যানেজারকে আলাদাভাবে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে প্রত্যেককে দুই মাস করে কারাদণ্ড দেওয়া হয়।’