গুলি করে যুবককে হত্যার অভিযোগে বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফিরোজ আহমেদসহ তিনজনের বিরুদ্ধে গতকাল শুক্রবার শিবগঞ্জ থানায় হত্যা ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা হয়েছে।
নিহত ফরহাদ হোসেনের বড় ভাই ফেরদৌস হোসেন হত্যা মামলা এবং বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) আসলাম হোসেন অস্ত্র মামলার বাদী হয়েছেন।
মামলার অপর দুই আসামি হলেন বগুড়া শহরের রহমাননগর এলাকার গোলাম সরোয়ারের ছেলে আবু সায়েম ও শিবগঞ্জ উপজেলার ঘাঘুরদুয়ার গ্রামের আবদুল জব্বারের ছেলে মোহম্মদ মোস্তফা।
এদিকে গ্রেপ্তার হওয়া ফিরোজ আহমেদ ও আবু সায়েমের দেওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে পুলিশ অভিযান চালিয়ে ফিরোজ আহমেদের ঘাঘুরদুয়ারের বাড়ির পাশে লেবুগাছের নিচ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচটি গুলি উদ্ধার করেছে।
হত্যা মামলার বাদী ফেরদৌস হোসেন এজাহারে উল্লেখ করেছেন, আবু সায়েমের সঙ্গে তঁার ভাই ফরহাদ হোসেন ব্যবসা করতেন। আবু সায়েম বৃহস্পতিবার কৌশলে ফরহাদকে ঘাঘুরদুয়ারে ফিরোজ আহমেদের বাড়িতে ডেকে নিয়ে যান। পূর্বশত্রুতার জের ধরে ফিরোজ আহমেদের উপস্থিতিতে আবু সায়েম ও মোস্তফা তাঁকে গুলি করে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ খালেকুজ্জামান বলেন, ফরহাদকে গুলি করে হত্যা করার ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে।
গতকাল শুক্রবার প্রথম আলোর শেষ পাতায় ‘বগুড়ায় গুলিতে যুবক নিহত, ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার, মহাসড়ক অবরোধ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হক গতকাল প্রথম আলোকে বলেন, জিজ্ঞাসাবাদে ফিরোজ এবং আবু সায়েম অভিন্ন স্বীকারোক্তি দিয়েছেন। তাঁরা দুজনই পুলিশকে জানিয়েছেন, বৃহস্পতিবার প্রথমে ফরহাদ হোসেন ও আবু সায়েমকে শহরের কালীতলা এলাকায় ডেকে নেন চেয়ারম্যান ফিরোজ। এরপর তাঁর ব্যক্তিগত গাড়িতে তুলে ঘাগুরদুয়ার গ্রামের বাড়িতে নেওয়া হয়। সেখানে ঘর থেকে দুটি অস্ত্র বের করেন ফিরোজ। তিনি ফরহাদ হোসেন ও আবু সায়েমকে জানান, এ দুটি অস্ত্র ঠিকমতো কাজ করে না, মেরামত করতে হবে। একটি অস্ত্র মেরামত করছিলেন ফরহাদ হোসেন। অন্যটি চেয়ারম্যানের সাবেক গাড়িচালক মোস্তফা নিয়ে নাড়াচাড়া করছিলেন। কেউ কিছু বুঝে ওঠার আগেই মোস্তফার হাতে থাকা অস্ত্র থেকে গুলি বের হলে তাতে ফরহাদ হোসেন বিদ্ধ হন। এরপর আবু সায়েম ও মোস্তফা চেয়ারম্যানের গাড়িতে করে তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেখে চম্পট দেন। হাসপাতালে ফরহাদ হোসেনকে আবু সায়েম নামেই ভর্তি করা হয়েছিল।
জিজ্ঞাসাবাদে চেয়ারম্যান জানিয়েছেন, তাঁর এক আত্মীয়ের মাধ্যমে অস্ত্র দুটি তিনি পেয়েছিলেন। মেরামত করতে গিয়েই এ দুর্ঘটনা ঘটেছে।