চেয়ারম্যানসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলায় শ্রেণীকক্ষে ঢুকে এক ছাত্রকে পিটুনির ঘটনায় নরদাশ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রশিদসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা নিয়েছে পুলিশ। আদালতের নির্দেশে বাগমারা থানার পুলিশ গত বৃহস্পতিবার রাতে মামলা তালিকাভুক্ত করে।
আসামি আবদুর রশিদ একই সঙ্গে নরদাশ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও গোড়সার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক। মামলার অন্য চার আসামি হলেন স্থানীয় আফজাল হোসেন, গোলাম মোস্তফা, সাজ্জাদ হোসেন ও নূরুল ইসলাম।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি খাসপুকুরের দখল নিয়ে উপজেলার বেনিপুর গ্রামের তৈয়ব আলীর সঙ্গে আবদুর রশিদের বিরোধ চলে আসছিল। তৈয়বের ছেলে শফিকুল ইসলাম পড়ে রশিদের গোড়সার উচ্চবিদ্যালয়ে সপ্তম শ্রেণীতে। গত ১৬ সেপ্টেম্বর রশিদের লোকজন বিদ্যালয়ের শ্রেণীকক্ষে ঢুকে শিশু শফিকুলকে লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে পিটিয়ে জখম করে। পরে স্থানীয় লোকজন ও পুলিশ শফিকুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ওই সময়ে ঘটনাটি এলাকায় আলোচিত হয়।
আহত স্কুলছাত্রের বাবা তৈয়ব অভিযোগ করেন, ওই সময়ে তিনি থানায় মামলা করতে গেলে পুলিশ বিভিন্ন অজুহাত দেখিয়ে মামলা নেয়নি। পরে আদালতে মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক জানান, তদন্ত শুরু হয়েছে। স্কুলছাত্রের ওপর নির্মম হামলার সত্যতা পাওয়া গেছে।
এ বিষয়ে আবদুর রশিদ বলেন, পুকুর নিয়ে তৈয়ব আলীর সঙ্গে তাঁর বিরোধ থাকলেও শিশুপুত্রের ওপর হামলার ঘটনায় তিনি জড়িত নন।