চেয়ারম্যানসহ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের আলীকদম উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে গত সোমবার গভীর রাতে কে বা কারা আগুন লাগিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে তাৎক্ষণিকভাবে আগুন নেভানো হলেও জাতীয় পতাকাসহ বেশ কিছু সামগ্রী ভস্মীভূত হয়েছে বলে আওয়ামী লীগের নেতারা দাবি করেছেন।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে হুমায়ুন কবীর নামের একজন কাঠমিস্ত্রিকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে আওয়ামী লীগের নেতারা বলেছেন, হুমায়ুনের বিরুদ্ধে তাঁরা কোনো অভিযোগ করেননি।
অগ্নিসংযোগের অভিযোগে আওয়ামী লীগের পক্ষ থেকে উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবুল কালাম এবং উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আবুল হাসেমের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা বলেছেন, আলীকদম উপজেলা সদর বাজারে অবস্থিত আওয়ামী লীগের কার্যালয়ে রাত তিনটার দিকে কেরোসিন ঢেলে আগুন লাগানো হয়েছে। এ সময় বাজারের নৈশ প্রহরীরা তাৎক্ষণিকভাবে আগুন নেভাতে সক্ষম হলেও কার্যালয়ে রক্ষিত ব্যানার, জাতীয় পতাকা, দলিলপত্র রক্ষা করা সম্ভব হয়নি। তাঁরা সেখানে হুমায়ুন কবীরের ঘোরাফেরা সন্দেহজনক হওয়ায় তাঁকে আটক করেন।
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক ধুংহ্রী মারমা বলেছেন, গত শনিবার বিএনপির এক সমাবেশে আবুল কালাম ও আবুল হাসেম আওয়ামী লীগের কার্যালয় ধ্বংসের কথা বলেছেন। এ জন্য তাঁদের প্রধান আসামি করে অজ্ঞাত আরও অনেকের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম অভিযোগ অস্বীকার করে বলেছেন, আওয়ামী লীগের কার্যালয় ধ্বংস করার ব্যাপারে কোনো কিছু বলা হয়নি। কার্যালয়ের জমির বৈধতা নিয়ে সমালোচনা করা হয়েছে। এখন আওয়ামী লীগ নিজেরা নিজেদের কার্যালয়ে অগ্নিসংযোগ করে জমি বৈধতার সেই সমালোচনা ভিন্ন খাতে নিয়ে বিএনপিকে দমনের সুযোগ হিসেবে ব্যবহার করছে বলে তিনি মন্তব্য করেন। আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হোসাইন উপজেলা চেয়ারম্যান আবুল কালামসহ দুজনের বিরুদ্ধে মামলার কথা স্বীকার করে বলেছেন, বিষয়টি তাঁরা তদন্ত করে দেখছেন। সত্যতা পাওয়া গেলে আসামিদের গ্রেপ্তার করা হবে। হুমায়ুনের বিরুদ্ধে অভিযোগ না থাকলেও তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে ওসি বলেছেন।