কথিত বহু স্তরের বিপণন প্রতিষ্ঠান ইউনিপেটুইউর চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, ব্যবস্থাপকসহ সাতজন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমানের আদালতে এই আদেশ দেওয়া হয়। আগামী ১৮ জুনের মধ্যে আসামিদের গ্রেপ্তার করে আদালতে হাজির করতে পাঁচলাইশ থানার পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত। আদালত সূত্র জানায়, সাজেদা আনছারী ও স্বপ্না সিকদার নামের দুজন নারী গ্রাহকের করা মামলায় এই আদেশ দেওয়া হয়। সাতজন আসামি হলেন: ইউনিপেটুইউর চেয়ারম্যান শহিদুজ্জামান শাহীন, ব্যবস্থাপনা পরিচালক মুনতাসির হোসেন, চট্টগ্রামের ব্যবস্থাপক হামিদুল হক, স্পন্সর এজেন্ট এম সাজেদ উল্লাহ এবং তিন এজেন্ট মনসুর আহমদ, শ্রীপতি বিশ্বাস ও শতরুদ্র চৌধুরী। আদালত সূত্র জানায়, ১০ মাসে দ্বিগুণ লাভ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে ওই দুজন নারী গ্রাহক পৃথক দুটি মামলা করেন। এর মধ্যে সাজেদা আনছারীর মামলায় চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ পাঁচজনকে আসামি করা হয়েছে। মামলায় সাজেদা আনছারী অভিযোগ করেন, ২০১১ সালের ১ ও ৪ এপ্রিল নগরের মুরাদপুর এলাকায় রমনা ট্রেড সেন্টারের সপ্তম তলায় ইউনিপেটুইউর স্থানীয় কার্যালয়ে তিনি মোট দুই লাখ ১২ হাজার ১০০ টাকা জমা দিয়েছিলেন। পরে কোনো টাকা ফেরত পাননি। অন্যদিকে স্বপ্না সিকদারের মামলায় এজেন্ট শ্রীপতি বিশ্বাস ও শতরুদ্র চৌধুরীকে আসামি করা হয়। মামলায় তিনি অভিযোগ করেন, গত বছরের ৮ জানুয়ারি তিনি শ্রীপতি বিশ্বাস ও শতরুদ্র চৌধুরীকে মোট ৬৩ হাজার টাকা দেন। ১০ মাসে দ্বিগুণ লাভ দেওয়ার কথা বলে তাঁরা কোনো টাকাই ফেরত দেননি।