কুমিল্লার বুড়িচং উপজেলা ছাত্রলীগের নেতা সারওয়ার আলম হত্যার ঘটনায় আওয়ামী লীগের নেতা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেনকে প্রধান আসামি করে মামলা হয়েছে। সাজ্জাদ হোসেনকে দল থেকে বহিষ্কার ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে আজ বুধবার উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ছাত্রলীগ।বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাশেম খান বলেন, ‘উপজেলা ছাত্রলীগ হরতাল ডেকেছে। আওয়ামী লীগ এই হরতালে সমর্থন দিয়েছে।’উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সারওয়ার আলমকে গত সোমবার কুপিয়ে হত্যা করা হয়। গতকাল সন্ধ্যার দিকে বুড়িচংয়ের শিকারপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়েছে। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার গোলাম শাহনেওয়াজ জানান, সোমবার রাতে সারওয়ারের মা আমির চান বেগম হত্যা মামলা করেন। এতে ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও আট থেকে ১০ জনকে আসামি করা হয়েছে। মামলার আসামিরা হলেন সাজ্জাদ হোসেন (৪৭), উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন (৪০), উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক আমিনুল ইসলাম (৩০), ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত জসিম উদ্দিন (২৮), আলমগীর হোসেন (৩৮), মো. রানা (২২), মো. কামাল ওরফে সিএনজি কামাল (২৮), মাহাবুবুর রহমান (৩০), ইমন মিয়া (২৫), মো. ইউসুফ (২৪) ও আরিফুল ইসলাম (২৫)। আসামিরা সবাই সাজ্জাদ হোসেনের অনুসারী বলে পরিচিত। আসামিদের গ্রেপ্তারে সোমবার রাতে ১০ থেকে ১২টি বাড়িতে গ্রেপ্তার অভিযান চালানো হয়েছে। এদিকে গতকাল বুধবার বেলা তিনটায় বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চবিদ্যালয় মাঠে সারওয়ারের প্রথম জানাজা হয়। ওই জানাজার সময় বুধবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেওয়া হয়। এ সময় বক্তব্য দেন বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাশেম, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান, বুড়িচং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ। পরে উপজেলার শিকারপুর গ্রামে দ্বিতীয় জানাজার পর সারওয়ারের মরদেহ দাফন করা হয়। রেজাউল করিম প্রথম আলোকে বলেন, সাজ্জাদ হোসেনকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বুধবার হরতাল ডাকা হয়েছে। যোগাযোগ করা হলে অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘প্রতিহিংসার কারণে আমাকে আসামি করা হয়েছে।’