বহুধাপের কথিত বিপণন প্রতিষ্ঠান ইউনিপেটুইউর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ মোট ১৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন চট্টগ্রামের আদালত। গতকাল রোববার দুটি আদালতে করা পৃথক দুটি মামলায় প্রায় পাঁচ কোটি ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এই পরোয়ানা জারি করা হয়। চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম এ বি এম নিজামুল হক এবং মহানগর হাকিম আলী মনসুর পৃথকভাবে এই আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, একটি মামলায় নয়জনকে এবং আরেকটি মামলায় ছয়জনকে আসামি করা হয়। এর মধ্যে ইউনিপেটুইউর ব্যবস্থাপনা পরিচালককে দুটি মামলাতেই আসামি করা হয়েছে। আদালত সূত্রে আরও জানা গেছে, ইউনিপেটুইউর বিভাগীয় বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সলিল চৌধুরী পাঁচ কোটি টাকা আত্মসাতের অভিযোগে একটি মামলা করেন। এতে নয়জনকে আসামি করা হয়। এই মামলার আসামিরা হলেন, ব্যবস্থাপনা পরিচালক মো. মুনতানির হোসাইন, পরিচালক মনজুর এহসান, আবু তাহের, এজেন্ট কাজী শাহীন নিজামী, মোহাম্মদ শাহীন, রূপেশ্বর কৃষ্ণ দাশ, রতন কুমার বিশ্বাস, উত্তম কুমার ভৌমিক ও মো. হুমায়ন। মুখ্য মহানগর হাকিম আদালতে করা ওই মামলার আরজিতে সলিল চৌধুরী অভিযোগ করেন, ১০ মাসে দ্বিগুণ লাভের প্রতিশ্রুতি দিয়ে আসামিরা ২০১০ সালের ৬ ফেব্রুয়ারি থেকে বিভিন্ন সময় নগরের গোলপাহাড় এলাকার গোলপাহাড় ইউনিপেটুইউ কার্যালয়ে বসে এসব টাকা হাতিয়ে নেন। অন্যদিকে, নগরের উত্তর কাট্টলী এলাকার বাসিন্দা গোপাল চন্দ্র হালদার নামের আরেক বিনিয়োগকারী ছয়জনকে আসামি করে অন্য মামলাটি করেন। এতে ১২ লাখ পাঁচ হাজার ৪০০ টাকা আত্মসাতের অভিযোগ করা হয়। এই মামলার আসামিরা হলেন: ইউনিপেটুইউর চেয়ারম্যান শহিদুজ্জামান শাহীন, ব্যবস্থাপনা পরিচালক মো. মুনতাসির হোসাইন, মহাব্যবস্থাপক জামশেদুল আলম, এজেন্ট শিবলু, মোহাম্মদ আলম ও মোস্তাকিম। মামলার আরজিতে উল্লেখ করা হয়, নগরের রমনা ট্রেড সেন্টারের সপ্তম তলায় ইউনিপেটুইউর স্থানীয় কার্যালয়ে বিভিন্ন সময় আসামিরা মিলে এই টাকা হাতিয়ে নেন। আদালত মামলা দুটি আমলে নিয়ে আগামী ৩০ আগস্টের মধ্যে আসামিদের গ্রেপ্তার করে আদালতে হাজির করতে পাঁচলাইশ থানার পুলিশকে নির্দেশ দিয়েছেন।