চেয়ারম্যানসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর পাংশা উপজেলায় পাট্টা ইউপিতে নির্বাচন-পরবর্তী সহিংসতায় দায়ের করা মামলায় নবনির্বাচিত চেয়ারম্যান শাহ মো. রফিকুল ইসলামসহ ১৫ জনের বিরুদ্ধে পুলিশ বুধবার আদালতে পৃথক দুটি অভিযোগপত্র দাখিল করেছে।মামলা সূত্রে জানা গেছে, গত ১৮ জুন পাট্টা ইউপির নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি-সমর্থক শাহ মো. রফিকুল ইসলাম বিজয়ী এবং আওয়ামী লীগ-সমর্থক আ. রব পরাজিত হন। ২০ জুন সন্ধ্যায় আ. রবের ভাই সাজেদুর রহমান ও আত্মীয় ফজলুর রহমান বাহের মোড় বাজার থেকে বাড়ি ফেরার পথে শাহ মো. রফিকুল ইসলাম ও তাঁর কর্মী-সমর্থকদের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় চেয়ারম্যান ও তাঁদের লোকজন ওই দুজনকে মারধর, সাজেদুরের বাহের মোড় বাজারের দোকান এবং পাশের ক্লাবঘরে হামলা চালিয়ে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও স্থানীয় এক মুক্তিযোদ্ধার ছবি ভাঙচুর করে। এ ঘটনায় পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থীর আরেক ভাই এনামুল হক ওই দিনই ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫০-৬০ জনের বিরুদ্ধে পাংশা থানায় দ্রুত বিচার আইনে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক কামাল হোসেন ভূঁইয়া জানান, বুধবার রাজবাড়ীর ২ নম্বর আমলি আদালতে দুটি অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এর মধ্যে দ্রুত বিচার আইনের অভিযোগপত্রে চেয়ারম্যান রফিকুলসহ নয়জনকে অভিযুক্ত করার আবেদন জানানো হয়েছে।