বগুড়ার দুপচাঁচিয়ার আলতাফনগরের বনতেঁতুলিয়া গ্রামে ডাকাতি করতে এসে গণপিটুনিতে ডাকাত আবদুল মান্নান (৪২) নিহত হন। মান্নানের স্ত্রী হাজেরা বেওয়া বাদী হয়ে গোবিন্দপুর ইউপি চেয়ারম্যানসহ ওই গ্রামের ২৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। নিহত মান্নান আদমদীঘির হলুদঘর গ্রামের বাসিন্দা।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ৩ মে রাতে আলতাফনগরের বনতেঁতুলিয়া গ্রামের এমদাদুল হকের বাড়িতে একদল ডাকাত ডাকাতি করতে আসে। এ সময় গ্রামবাসী ধাওয়া করে আবদুল মান্নান নামের এক ডাকাতকে ধরে গণপিটুনি দিলে একপর্যায়ে মান্নান মারা যান। এ ঘটনায় ১২ মে আবদুল মান্নানের স্ত্রীর করা মামলার এজাহারে ওই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুস সামাদ, গৃহকর্তা এমদাদুল হকসহ ২৬ জনের নাম উল্লেখ করা হয়।মামলার ১ নম্বর আসামি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুস সামাদ আওয়ামী লীগের সমর্থন নিয়ে এবার ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী। ওই মামলার কয়েকজন সাক্ষীর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ও সাবেক ইউপি চেয়ারম্যান জামায়াত নেতা মজিবর রহমান ১৩ মে দুপচাঁচিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। তিনি সংবাদ সম্মেলনে বলেন, ‘ডাকাতি করতে এসে আবদুল মান্নান গণপিটুনিতে মারা গেছেন। তাঁর স্ত্রী আমাকে সাক্ষী করে মামলা করেছেন। আমি তাঁর স্ত্রীকে কোনোদিন দেখিওনি। নির্বাচনী মাঠ গরম করতে একটি পক্ষ আমাকে সাক্ষী বানিয়ে মিথ্যা মামলা করেছে।’মামলার প্রধান আসামি ও ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আবদুস সামাদ বলেন, ‘ডাকাত নিহতের পর আমাকে খবর দিলে আমি পুলিশকে জানাই। নিহত মান্নানের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতির মামলা রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে একটি মহল ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে।’দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর ইসলাম বলেন, ‘নিহত মান্নানের স্ত্রী বাদী হয়ে বগুড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অপহরণের পর হত্যার বিষয়ে মামলা করেছেন। বিষয়টি তদন্ত করেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।