পিরোজপুরের নেছারাবাদ উপজেলার জলাবাড়ি ইউনিয়নে জসিম উদ্দিন হাওলাদারকে (৩৫) পিটিয়ে হত্যার অভিযোগে নবনির্বাচিত চেয়ারম্যান আশীষ বড়ালকে প্রধান আসামি করে ২৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। গত শনিবার রাতে নিহত জসিমের ছোট ভাই আলাউদ্দিন হাওলাদার এ মামলা করেন।
এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামিদের সঙ্গে জসিম উদ্দিনের শত্রুতা ছিল। এর জের ধরে শনিবার সকালে পূর্ব জলাবাড়ি এলাকায় জসিমকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়। তাঁর বাড়ি দুর্গাকাঠি গ্রামে। মামলায় ২৩ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও পাঁচজনকে আসামি করা হয়েছে।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় পুলিশ এজাহারভুক্ত তিন আসামি স্বদেশ বড়াল, রতন বৈদ্য ও লিটন শীলকে গ্রেপ্তার করেছে। গতকাল রোববার গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।
গতকাল রোববার প্রথম আলোয় ‘আ.লীগ প্রার্থীর পক্ষ ত্যাগ করায় পিটিয়ে হত্যা!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।