চেয়ারম্যানসহ ৫২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলায় গ্রাম্য সালিসে দুজন গৃহবধূকে নির্যাতনের মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, সদস্য, মাতবর ও বিএনপি নেতাসহ ৫২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।মামলার তদন্তকারী বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোবারক আলী সরকার ১৭ অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে দাখিল করেন। উপজেলার মধুপুর ইউনিয়নের কাশিগঞ্জের ওই দুজন গৃহবধূকে নির্যাতনের ঘটনায় উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মাহমুদা বেগম গত ৬ জুলাই বদরগঞ্জ থানায় মামলা করেন।অভিযোগপত্রভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন: মধুপুর ইউপি চেয়ারম্যান আয়নাল হক, ইউপি সদস্য ইলিয়াছ আলী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুর রউফ মণ্ডল, গ্রাম্য মাতবর এনামুল হক, অবসরপ্রাপ্ত শিক্ষক মোজাহেদ আলী, সেকেন্দার আলী, এনামুল হোসেন।অভিযোগপত্রে বলা হয়েছে, ২৩ জুন কাশিগঞ্জ গ্রামের হাসেম আলী স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জের ধরে বিষাক্ত পদার্থ পানে আত্মহত্যা করেন। এ মৃত্যুর জন্য হাসেমের স্ত্রীকে দায়ী করে ২৬ জুন গ্রামে সালিস বসানো হয়। সালিসের সিদ্ধান্ত অনুযায়ী, ইউপি চেয়ারম্যান ও সদস্যদের উপস্থিতিতে গ্রাম্য মাতবরেরা দুরভিসন্ধিমূলকভাবে হাসেমের স্ত্রী ও তাঁর প্রতিবেশী এক গৃহবধূকে ওই ঘটনায় দায়ী করে লাঠি দিয়ে বেদম মারধর ও লাথি মেরে শ্লীলতাহানি ঘটান এবং দুই গৃহবধূকে ‘পতিতা’ হিসেবে আখ্যায়িত করে চুল কেটে দিতে উদ্যত হন। এরপর তাঁদের বাড়ির বাইরে যেতে নিষেধ করা হয়।মামলার তদন্ত কর্মকর্তা ওসি তোবারক আলী বলেন, ৫২ জনের বিরুদ্ধে মামলার অভিযোগপত্র দেওয়া হয়েছে। এর মধ্যে ইউপি চেয়ারম্যান, সদস্য ও বিএনপির নেতাসহ নয়জনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়। অন্যরা পলাতক থাকায় তাঁদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ইউপির চেয়ারম্যান আয়নাল হক সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন। বাকি আটজন আসামি বর্তমানে রংপুর জেলহাজতে। সালিসে ওই দুজন গৃহবধূকে নির্যাতনের ঘটনায় বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত ২৪ জুলাই স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করে গ্রাম্য মাতবর, মামলার তদন্ত কর্মকর্তা ও নির্যাতনের শিকার দুজন গৃহবধূকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।