চেয়ারম্যানের অপসারণ দাবিতে পরিষদে তালা, মানববন্ধন
অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতাসহ বিভিন্ন অভিযোগে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রওশন আলীকে অপসারণের দাবিতে এলাকাবাসী গতকাল রোববার তাঁর কার্যালয়ে তালা লাগিয়ে দিয়েছেন৷ একই সঙ্গে তাঁরা ওই কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন৷
এ বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান রওশন আলী মুঠোফোনে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, সম্প্রতি গোয়েন্দা পুলিশ ষড়যন্ত্র করে মাদক কেনাবেচার অভিযোগে তাঁকে আটক করে জেলহাজতে পাঠায়। এ সুযোগে কয়েকজন ইউপি সদস্য ষড়যন্ত্র করে এসব করছেন৷
তবে ইউপি সদস্য নুরুল ইসলাম, জামাল হোসেন ও আশরাফ আলী জানান, চেয়ারম্যানের অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার কারণে পরিষদের ১২ জন সদস্যের সবাই অনাস্থা এনেছেন৷ এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে৷
ইউএনও সৈয়দ ফরহাদ হোসেন বলেন, অনাস্থার বিষয়টি তদন্ত করতে কৃষি কর্মকর্তা আনোয়ারুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে৷ আর চেয়ারম্যানের কার্যালয়ে তালা দেওয়ার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে৷
গতকাল সকালে সরেজমিনে দেখা যায়, এলাকাবাসী ইউপি চেয়ারম্যান ও সচিবের কক্ষে তালা দিয়ে পরিষদের সামনে মানববন্ধন করেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এলে গ্রামবাসী কয়েকজন পুলিশের কাছে চেয়ারম্যানের অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে ধরেন। পুলিশ চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দেওয়ার পর এলকাবাসী সেখান থেকে চলে যান।
ইসলামপাড়ার মাসুদ রানা, আজগর আলী, হরিপুরের মাহবুবুর রহমান, রঘুনাথপুরের আছিয়া খাতুন, অাদর্শগ্রামের চন্দ্র বানুসহ কয়েকজন অভিযোগ করেন, রওশন আলী চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে ইউনিয়ন পরিষদটিকে একটি দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, ৪০ দিনের কর্মসূচিতে শ্রমিক অন্তর্ভুক্তি, জন্মনিবন্ধন সনদ, পরিচয়পত্র, ওয়ারিশ সনদ প্রতিটি কাজেই চেয়ারম্যানকে ঘুষ না দিলে কোনো কাজ হয় না। তিনি মাদক চোরাচালানের সঙ্গেও জড়িত৷ রওশন আলী জামায়াতের রুকন ছিলেন। বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর সঙ্গে চেয়ারম্যানের অাঁতাত রয়েছে৷ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর নিজেকে বাঁচাতে তিনি আওয়ামী লীগে যোগদান করেন। তাঁরা দাবি করেন, এখনো রওশন আলী জঙ্গিগোষ্ঠীকে আর্থিক সহযোগিতা দিচ্ছেন৷ তাঁকে অপসারণ না করা পর্যন্ত তালা খোলা হবে না এবং আন্দোলন চলবে৷