চেয়ারম্যানের আক্রোশে তিন নারী
ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আফাজ উদ্দীন ভূঁইয়ার বিরুদ্ধে ইউপির সাধারণ সভার রেজুলেশনের মাধ্যমে তিনজন নারীকে দেহ ব্যবসায়ীর অপবাদ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে চেয়ারম্যানের বিরুদ্ধে গত মঙ্গল ও গতকাল বুধবার ভুক্তভোগী নারীরা ঠাকুরগাঁও মুখ্য বিচারিক হাকিমের আদালতে মামলা করেছেন।ভুক্তভোগী ভুল্লী কুমারপুরের একজন গৃহবধূ বলেন, চেয়ারম্যানের অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তিনি (চেয়ারম্যান) আক্রোশবশত এ কাজ করেছেন। এ ব্যাপারে ওই নারী মঙ্গলবার ঠাকুরগাঁও মুখ্য হাকিম আদালতে চেয়ারম্যানের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা করেছেন।ওই গৃহবধূ অভিযোগ করেন, ৫ অক্টোবর বালিয়া ইউপির চেয়ারম্যান তাঁকে একা পেয়ে অনৈতিক প্রস্তাব দিয়ে তাঁর বাড়ি যেতে বলেন। প্রস্তাবে রাজি না হওয়ায় চেয়ারম্যান তাঁকে ভয়ভীতি দেখান। তিনি হুমকি দিয়ে বলেন, ‘আমি তোমার অহংকার ভেঙে দেব, এরপর গ্রামবাসী তোমাকে দেখলে ঘৃণা করবে।’স্থানীয় সূত্রে জানা গেছে, চেয়ারম্যান ১২ অক্টোবর ইউপির সাধারণ সভায় আলোচনা না হলেও ২০ জন দেহ ব্যবসায়ী ও ১৭ জন মাদক ব্যবসায়ীর নামের তালিকা তৈরি করে একটি রেজুলেশন করেন। সেখানে দেহ ব্যবসায়ী হিসেবে ওই তিনজন গৃহবধূর নাম আছে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সেই রেজুলেশনের কপি স্থানীয় সংবাদপত্রের কার্যালয়, প্রেসক্লাব ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ে বিলি করেন তিনি।ভুল্লী কুমারপুরের ওই গৃহবধূ বলেন, ‘চেয়ারম্যানের অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ইউপির সভার রেজুলেশন জালিয়াতি করে আমার নাম দেহ ব্যবসায়ীর তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ছাড়া এলাকায় আমাকে হেয় করার জন্য সেই রেজুলেশনের কপি চেয়ারম্যান নিজ হাতে বিলি করেছেন। এর পর থেকে লজ্জায় এলাকায় মুখ দেখাতে পারছি না। এখন আমার মরা ছাড়া কোনো উপায় নেই।’দেহ ব্যবসায়ী হিসেবে ওই তালিকায় নাম থাকা সিংগীয়া গ্রামের একজন নারী (৪৫) বলেন, ‘আমি স্বামীকে নিয়ে ইউপি কার্যালয়ের সামনে চায়ের দোকান চালাই। গত ভোটের সময় বর্তমান চেয়ারম্যানের বিরুদ্ধে কাজ না করায় তিনি আমাদের এলাকাছাড়া করার হুমকি দেন। এরপর আমার নাম দেহ ব্যবসায়ীর তালিকায় তোলা হয়।’ বুধবার তিনি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করেছেন বলে জানান।বড় বালিয়া গ্রামের একজন দিনমজুর বলেন, ‘আমার মেয়ে চার বছর থেকে ঢাকায় ওর মামার বাড়িতে থাকে। এবারের ভোটে অন্য চেয়ারম্যান পদপ্রার্থীর পক্ষে কাজ করেছি বলে বর্তমান চেয়ারম্যান মেয়েটির নাম দেহ ব্যবসায়ীর তালিকায় তুলে আমাকে গ্রামছাড়া করার চেষ্টা করছেন।’ এ ব্যাপারে গতকাল মামলা করেছেন বলে ওই দিনমজুর জানান।বালিয়া ইউপির সদস্য মিরাজুল ইসলাম জানান, চেয়ারম্যান ইউপির সাধারণ সভার সদস্যদের সঙ্গে প্রতারণা করে হয়রানির জন্য গ্রামের সাধারণ মানুষকে মাদক ও দেহ ব্যবসায়ী বানিয়েছেন। ওই সভায় মাদক ও দেহ ব্যবসায়ীদের তালিকা তৈরির বিষয়ে কোনো আলোচনা হয়নি। বালিয়া ইউপির সাধারণ সভার সদস্য আরডিআরএস বাংলাদেশের শাখা ব্যবস্থাপক মোমিনুল ইসলাম বলেন, ‘সভার জন্য যে আলোচ্যসূচি নির্ধারণ করা হয়, সেখানে মাদক ও দেহ ব্যবসায়ীদের তালিকা তৈরির বিষয়টি ছিল না। পরে রেজুলেশনে বিষয়টি দেখতে পেয়ে নিজেই লজ্জিত হয়েছি।’বালিয়া ইউপির চেয়ারম্যান তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ইউনিয়ন থেকে মাদক ও দেহব্যবসা বন্ধে অভিযান চালাতে আমার বিরুদ্ধে এই মামলা করা হয়েছে।’সাধারণ সভায় যেসব বিষয় আলোচনা হয়নি তা রেজুলেশনে অন্তর্ভুক্ত করার ব্যাপারে জানতে চাইলে চেয়ারম্যান প্রসঙ্গ এড়িয়ে যান।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম গতকাল বলেন, স্বেচ্ছায় এ ধরনের তালিকা তৈরির এখতিয়ার ইউনিয়ন পরিষদের নেই।