চেয়ারম্যানের আপত্তিতে ১৪ মাস ভাতা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের আপত্তির কারণে ১৪ মাস ধরে ভাতা তুলতে পারছেন না ১১৩ জন প্রতিবন্ধী, বিধবা ও বয়স্ক ব্যক্তি। এত দিন ধরে ভাতা না পাওয়ায় দরিদ্র পরিবারের এসব ব্যক্তি মানবেতর দিন কাটাচ্ছেন।

উপজেলা পরিষদ চেয়ারম্যান জি এম দেলোয়ার হোসেন বলেন, ‘ইউপি চেয়ারম্যান এ কে এম নুরুল হকের খামখেয়ালির কারণে এসব অসচ্ছল ব্যক্তি ভাতা পাচ্ছেন না। এতে তাঁরা মারাত্মক কষ্টে আছেন। বিষয়টি যাতে সুরাহা হয় সে ব্যাপারে উদ্যোগ নেব।’

উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্র জানায়, সরকারের নির্দেশনা অনুযায়ী আরপাঙ্গাশিয়া ইউনিয়নে ২০১৫ সালে ২৫ জন বিধবা, ৪৪ জন প্রতিবন্ধী ও ৪৪ জন বয়স্ক ব্যক্তিকে ভাতা দেওয়ার জন্য তালিকাভুক্ত করা হয়। এতে বিধবা ও বয়স্ক ব্যক্তিরা মাসে জনপ্রতি ৪০০ ও প্রতিবন্ধী ব্যক্তিরা মাসে ৫০০ টাকা করে পাবেন। তালিকা প্রণয়নের পর ভাতা দেওয়ার জন্য তাঁদের নামে ২০১৫ সালের জুলাইয়ে বই ইস্যু ও সোনালী ব্যাংকের আমতলী শাখায় হিসাব খোলা হয়। তাঁদের নামে ব্যাংকে অর্থ জমাও হয়। কিন্তু আরপাঙ্গাশিয়া ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান এ কে এম নুরুল হক ব্যাংকের শাখা ব্যবস্থাপকের কাছে ভাতা বন্ধের জন্য লিখিত আপত্তি জমা দেন। ফলে ওই ১১৩ জন বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তির ভাতার টাকা আটকে যায়।

চেয়ারম্যান এ কে এম নুরুল হক বলেন, ‘নিয়ম ভঙ্গ করে আমার দেওয়া তালিকা উপজেলা পরিষদে অনুমোদন না করে সাবেক চেয়ারম্যানের দেওয়া তালিকা অনুমোদন করায় ব্যাংকে ভাতা বন্ধের জন্য লিখিতভাবে আপত্তি জানিয়েছি।’

উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়ালিউল ইসলাম বলেন, বর্তমান চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের সিদ্ধান্ত ছাড়া নিজে সই দিয়ে একটি তালিকা জমা দিয়েছেন। কিন্তু এর আগে সাবেক চেয়ারম্যান তাঁর দায়িত্বকালে পরিষদের সদস্যদের সিদ্ধান্তসহ তালিকা জমা দেন। ফলে উপজেলা পরিষদের সভায় সেই তালিকাটি নেওয়া হয়। বর্তমান চেয়ারম্যানের তালিকা নিয়মবহির্ভূত হওয়ায় তা গ্রহণ করা যায়নি।

ভাতার তালিকাভুক্ত আরপাঙ্গাশিয়া গ্রামের বৃদ্ধ ছফুরা বেগম বলেন, ‘সরকার যে কয়ডা টাহা দেয় হেইয়্যা দিয়া ওষুধ-বড়ি খাই। আর বাকি টাহায় খাওন-পরনে খরচ করি। কিন্তু ১৪ মাস ধইরা এই টাহা না পাওনে মোগো কষ্টের সীমা নাই।’

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল আলম বলেন, ‘বিষয়টি জেনেছি। ব্যাংক কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে সুরাহা করা হবে।’