চেয়ারম্যানের ওপর হামলা ১২ ইউপি কার্যালয়ে তালা
চেয়ারম্যানের ওপর ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলার প্রতিবাদে গত মঙ্গলবার থেকে নাটোর সদর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের (ইউপি) কার্যালয় বন্ধ রাখা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে চেয়ারম্যান ফোরামের নেতারা জানিয়েছেন।গতকাল বৃহস্পতিবার দুপুরে বিপ্রবেলঘরিয়া ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায়, এলাকার কয়েকজন পরিষদে কাউকে না পেয়ে ফিরে যাচ্ছেন। ওই সময় রুহুল আমিন নামের এক কৃষক জানান, ব্যাংক হিসাব খোলার জন্য তাঁর নাগরিক সনদ দরকার। অথচ তিন ধরে তিনি পরিষদে কাউকে না পেয়ে শুধুই ঘুরছেন।ইউপি চেয়ারম্যান ফোরাম নাটোর সদর উপজেলা পরিষদ শাখার সভাপতি গোলাম সারওয়ার বলেন, মঙ্গলবার দুপুরে ব্রহ্মপুর ইউপির চেয়ারম্যান আফজাল হোসেন (৪২) দাপ্তরিক কাজ শেষে সদর উপজেলা পরিষদ থেকে বের হচ্ছিলেন। এ সময় বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইউছুব আলীর নেতৃত্বে কয়েকজন তাঁকে মারধর করেন। পরে আহতাবস্থায় তাঁকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে ওই রাতেই সদর থানায় মামলা করা হয়। কিন্তু গতকাল বিকেল পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ফোরামের পক্ষ থেকে সব ইউনিয়ন পরিষদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। এলাকাবাসীর সাময়িক অসুবিধার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।এর আগে গত বুধবার এ ঘটনার প্রতিবাদে চেয়ারম্যান ফোরাম শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। পরে পরিষদের নেতারা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে সঞ্চারকলিপি দেন। আফজাল হোসেন জানান, ঘটনার সময় পরিষদের দোতলায় বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের আগদিঘা-মির্জাপুর স্কুলের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি হচ্ছিল। তিনি ওই ইউনিয়নের চেয়ারম্যান আবিদুর রহমানের সঙ্গে দাপ্তরিক কাজ শেষ করে নিচে নামছিলেন। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁকে আচমকা মারধর করেন।ইউছুব আলী বলেন, ‘আফজাল চেয়ারম্যানের ঘনিষ্ঠ বন্ধু আবিদুর রহমানের কাছে টাকা পেতাম। ওই টাকা চাইতে গেলে আফজাল হোসেনের সঙ্গে আমাদের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে কিলাকিলি হয়।’ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, ‘হামলাকারীরা আমাদের দলের লোক হলেও আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তাদের উসকানিদাতা কারা, তা উদ্ঘাটনের জন্য পুলিশের প্রতি অনুরোধ জানিয়েছি।’সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, ‘অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তদন্ত করে শাস্তি নিশ্চিত করা হবে।’