চেয়ারম্যানের কথা না শোনায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বদলির সুপারিশ না মানায় গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হেমায়েত উদ্দিনকে গত বৃহস্পতিবার কক্ষ থেকে বের করে দিয়েছেন উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগের নেতা মোকছেদ চৌধুরী। শুধু তাই নয়, দলীয় নেতা-কর্মীরা শিক্ষা কর্মকর্তার কক্ষে গিয়ে বদলির ফাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ পাওয়া গেছে। শিক্ষা কর্মকর্তা হেমায়েত বলেন, ‘উপজেলার মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি হয়ে যাওয়ার জন্য বিভিন্ন বিদ্যালয়ের পাঁচজন শিক্ষক আবেদন করেন। কিন্তু বিদ্যালয়ে একজন শিক্ষকের শূন্যপদে কেবল একজন বদলি হতে পারবেন। অথচ উপজেলা চেয়ারম্যান বদলির জন্য দুইজন শিক্ষকের নাম সুপারিশ করেন। এ নিয়ে জটিলতার সৃষ্টি হলে বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে চেয়ারম্যান আমাকে তাঁর কক্ষে ডেকে নিয়ে যান। সেখানে তিনি তাঁর মনোনীত শিক্ষককে বদলি করার জন্য চাপ প্রয়োগ করেন। এতে অপারগতা জানালে চেয়ারম্যান আমার সঙ্গে দুর্ব্যবহার করে আমাকে কক্ষ থেকে বের করে দেন। শুধু তাই নয়, পরে দলীয় নেতা-কর্মীদের আমার কক্ষে পাঠিয়ে বদলি-সংক্রান্ত ফাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। অফিসে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতায় আমি রক্ষা পাই।’ এ প্রসঙ্গে উপজেলা চেয়ারম্যান মোকছেদ চৌধুরী দুর্ব্যবহারের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ওই শিক্ষা কর্মকর্তা উেকাচ নিয়ে বদলি-বাণিজ্য করার জন্য টালবাহানা করছিলেন। তাঁকে আমার কক্ষে ডেকে ফাইলটি দেখতে চাইলে তিনি চিঠি না দিলে ফাইল দেবেন না বলে জানিয়ে দেন। উপজেলা পরিষদের একজন কর্মকর্তা হয়ে ঔদ্ধত্যপূর্ণ আচরণ দেখান। অথচ উপজেলা চেয়ারম্যান হিসেবে আমি উপজেলা পরিষদের যাবতীয় উন্নয়ন কর্মকাণ্ডের তদারকি করতে পারি।’ তিনি দলীয় লোকজন পাঠিয়ে বদলি ফাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ অস্বীকার করেন।