চেয়ারম্যানের ক্ষমতা কমল, পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন বিল পাস
পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যানের একক ক্ষমতা কমিয়ে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন বিল ২০১৬ আজ বৃহস্পতিবার সংসদে পাস হয়েছে। ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বিলটি পাসের জন্য উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।
পার্বত্য আঞ্চলিক পরিষদের কোরাম গঠন ও সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি সহজ করতে বিদ্যমান আইনে সংশোধনী আনতে বিলটি পাস করা হয়েছে। বিলটি আইনে পরিণত হলে চেয়ারম্যানসহ উপস্থিত সংখ্যাগরিষ্ঠ সদস্যের সিদ্ধান্ত কমিশনের সিদ্ধান্ত বলে গণ্য হবে।
বিদ্যমান আইনে কমিশনের চেয়ারম্যানের সিদ্ধান্তই কমিশনের সিদ্ধান্ত বলে গণ্য হতো। পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের নয় সদস্যের মধ্যে চেয়ারম্যানসহ দুজন উপস্থিত থাকলেই কোরাম হতো।
বিলে বলা হয়েছে, কোরামের জন্য চেয়ারম্যানসহ অন্তত তিন সদস্যের উপস্থিতির প্রয়োজন হবে। কমিশনের সচিব, অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী পদে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের উপজাতীয়দের অগ্রাধিকার দিয়ে স্থায়ী অধিবাসীদের নিয়োগ করা হবে।
বিলে আরও বলা হয়েছে, কমিশনের কাজ হবে পার্বত্য চট্টগ্রামের প্রচলিত আইন, রীতি ও পদ্ধতিবহির্ভূতভাবে জলে ভাসা ভূমিসহ কোনো ভূমি বন্দোবস্ত প্রদান বা বেদখল করা হয়ে থাকলে তা বাতিলকরণ এবং বন্দোবস্তজনিত বা বেদখলের কারণে কোনো বৈধ মালিক ভূমি থেকে বেদখল হয়ে থাকলে তার দখল পুনর্বহাল করা। তবে পার্বত্য চট্টগ্রামের প্রচলিত আইন, রীতি ও পদ্ধতি অনুযায়ী অধিগ্রহণ করা ভূমি এবং বসতবাড়িসহ জলে ভাসা ভূমি, টিলা ও পাহাড় ব্যতীত কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্প এলাকা ও বেতবুনিয়া ভূ-উপগ্রহ এলাকার ক্ষেত্রে এ আইন প্রযোজ্য হবে না।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে শামসুর রহমান বলেন, চুক্তির আলোকে ২০০১ সালে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন প্রণয়ন করা হয়। আইন প্রণীত হওয়ার পর থেকে কমিশন তার নিয়মিত বৈঠক আহ্বান করলে কমিশনের উপজাতীয় সদস্যরা এ আইন সংশোধনের প্রয়োজনীয়তার বিষয়টি উল্লেখ করে কমিশনের বৈঠকে অব্যাহতভাবে অনুপস্থিত থাকেন। সেই অচলাবস্থা দূর করার জন্য আইনটি সংশোধনের প্রয়োজনীয়তা দেখা দেয়।
এ ছাড়া আজ জেলা পরিষদ (সংশোধন) বিল ২০১৬ সংসদে পাস হয়েছে। বিলটি পাসের জন্য উত্থাপন করেন স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। এর আগে বিলের ওপর দেওয়া বিরোধী দল জাতীয় পার্টি ও স্বতন্ত্র সদস্যদের দেওয়া জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলো নাকচ হয়।
২০০০ সালের জেলা পরিষদ আইনে পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সাময়িক বরখাস্তের বিধান ছিল না। পাস হওয়া বিলে আদালত কর্তৃক চেয়ারম্যান ও সদস্যদের বিরুদ্ধে ফৌজদারি মামলায় অভিযোগপত্র গৃহীত হওয়া সাপেক্ষে সাময়িক বরখাস্তের বিধান রাখা হয়েছে। বিদ্যমান আইনে উপজেলা ভাইস চেয়ারম্যানদের জেলা পরিষদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ ছিল না। বিলে সেই সুযোগ রাখা হয়েছে।