চেয়ারম্যানের ঘর বানাতে ৩১ ঘণ্টা বিদ্যুৎহীন
বিদ্যুৎ সঞ্চালন লাইনের নিচে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের আধা পাকা ঘর নির্মাণ করা হচ্ছে। এ কারণে গত শুক্রবার সকালে ৩৭টি পরিবারের বিদ্যুতের সংযোগ প্রায় ৩১ ঘণ্টা বিচ্ছিন্ন ছিল। এতে ওই পরিবারগুলোর সদস্যরা দুর্ভোগ পোহায়।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মগটুলা ইউনিয়নের মধুপুর গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রামবাসী সূত্রে জানা গেছে, ইউপি চেয়ারম্যান মো. বদরুজ্জামানের নির্মাণাধীন ঘরের কাছেই পল্লী বিদ্যুতের ২৫ কেভি ট্রান্সফরমার রয়েছে। এ ছাড়া সঞ্চালন লাইনের নিচে নির্মাণ করা হচ্ছে তাঁর একটি আধা পাকা ঘর। এ কারণে তিনি লাইনম্যানকে দিয়ে গত শুক্রবার সকাল আটটার দিকে ট্রান্সফরমার থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এতে ৩৭ জন গ্রাহক ভোগান্তির শিকার হন। পরে গতকাল বেলা তিনটার দিকে আবার সংযোগ দেওয়া হয়।
এ বিষয়ে বদরুজ্জামান বলেন, পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইন তাঁর জমি থেকে সরিয়ে রাস্তায় স্থাপনের জন্য তিনি কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন। সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর সবাইকে নিয়ে সঞ্চালন লাইনটি সরানো চেষ্টা করেন।
ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতির-৩-এর ঈশ্বরগঞ্জ কার্যালয়ের এজিএম মো. গুলজার হোসেন বলেন, তিনি খোঁজ নিয়ে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করেছেন।