তাজরীন ফ্যাশনসের চেয়ারম্যান মাহমুদা আক্তারের জামিন বাতিলের আবেদন করা হয়েছে। গতকাল বুধবার ঢাকার জেলা ও দায়রা জজ আদালতে এই আবেদন করা হয়। বিচারক আবদুল মজিদ ২৭ ফেব্রুয়ারি এ বিষয়ে শুনানির দিন ধার্য করেন।
গতকাল রাষ্ট্রপক্ষে খন্দকার আবদুল মান্নান এই আবেদন করেন। এতে বলা হয়, ১০ ফেব্রুয়ারি মুখ্য বিচারিক হাকিম আদালত প্রতি রোববার আদালতে হাজিরা দেওয়ার শর্তে মাহমুদাকে এক মাসের অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তির আদেশ দেন। তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে ১১১ জন পোশাকশ্রমিক নির্মম মৃত্যুর শিকার হয়েছেন। মালিকপক্ষের অবহেলার কারণে এসব শ্রমিকের মৃত্যু হয়েছে।
৯ ফেব্রুয়ারি তাজরীনের মালিক দেলোয়ার হোসেন ও তাঁর স্ত্রী মাহমুদা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত জামিনের বিষয়ে কোনো আদেশ না দিয়ে পরদিন তা শুনানির জন্য রাখেন। একই সঙ্গে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। পরদিন শুনানি শেষে আদালত মাহমুদার জামিন আবেদন মঞ্জুর করেন।