চেয়ারম্যানের দোকান ইউপির জায়গায়
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আহসানুল হকের বিরুদ্ধে পরিষদের জায়গা দখলের অভিযোগ পাওয়া গেছে। তিনি দলীয় প্রভাব দেখিয়ে অবৈধভাবে সেখানে দোকানঘর নির্মাণ করছেন।সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল আউয়াল বলেন, সরকারি সম্পত্তির ওপর ভবন নির্মাণ করতে হলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমতি প্রয়োজন। কিন্তু চেয়ারম্যান আহসানুল হক মন্ত্রণালয়ের অনুমতি নেননি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।গত মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, জায়গা দখলের চিত্র। গাইবান্ধা শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে বোনারপাড়া ইউনিয়নের শিমুলতাইড় গ্রামে অবস্থিত ইউপি কার্যালয়। সরকারিভাবে ইউনিয়ন কমপ্লেক্স ভবন এখনো নির্মিত হয়নি। আধা পাকা ঘরে পরিষদের কার্যক্রম চলে। দুই মাস আগে পরিষদের জায়গায় অবৈধভাবে পাকা ভবন নির্মাণ শুরু হয়। এ নিয়ে স্থানীয় ব্যক্তিরা কেউই মন্তব্য করতে রাজি হননি।যোগাযোগ করা হলে ইউপির সাবেক চেয়ারম্যান ওয়ারেছ আলী বলেন, পরিষদের মোট ৫৭ শতক জমি আছে। এর মধ্যে ২২ শতক পরিষদের দখলে ও ৩৫ শতক বেদখল হয়েছে। বর্তমান চেয়ারম্যান ও তাঁর আত্মীয়স্বজনেরা পরিষদের জায়গা দখল করে নিয়েছেন। এই জায়গায় এক মাস ধরে দোকানঘর নির্মাণকাজ চলছে। কিন্তু বাধা দেওয়ার কেউ নেই।সাঘাটা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল ওয়ারেছ বলেন, একই দল করলেও চেয়ারম্যানের সঙ্গে তাঁদের কোনো যোগাযোগ নেই। তিনি গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের আওয়ামী লীগের সাংসদ ফজলে রাব্বী মিয়ার ঘনিষ্ঠজন। তাই অবৈধ দখলে বাধা দেওয়া তো দূরের কথা, ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না। যোগাযোগ করা হলে ফজলে রাব্বী মিয়া বলেন, ‘আমার প্রভাবে চেয়ারম্যান আহসানুল হকের জায়গা দখলের অভিযোগ সঠিক নয়। তিনি সব সময় আমার বিরুদ্ধে কথা বলে বেড়ান। এ ছাড়া তিনি জায়গা দখল করেছেন কি না, সেটাও আমি জানি না। জায়গা দখল করে থাকলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, সেটাই আমি চাই।’আহসানুল হক দলীয় প্রভাব খাটিয়ে জায়গা দখলের অভিযোগ অস্বীকার করে বলেন, ইউপির সভায় সিদ্ধান্ত মোতাবেক দোকানঘর নির্মাণ করা হচ্ছে। দোকানঘর ভাড়া দিয়ে যে আয় হবে, তা ইউপির উন্নয়নে ব্যয় করা হবে। ভবন নির্মাণে সরকারি অনুমতি আছে কি না, জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি।এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক ইউপি সদস্য দাবি করেন, ভবন নির্মাণের জন্য ইউপি সদস্যদের সভায় কোনো সিদ্ধান্ত হয়নি। চেয়ারম্যান ক্ষমতাসীন দলের প্রভাব খাটিয়ে তাঁর ব্যক্তিগত দোকানঘর করছেন। এ প্রসঙ্গে জেলা প্রশাসক আনোয়ারুল হক বলেন, অভিযোগটি তদন্তের জন্য সাঘাটার ইউএনওকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।