চেয়ারম্যানের নামে রাস্তার জমি নামজারি
ফরিদপুরের বোয়ালমারী পৌর এলাকার স্টেশন সড়কের মিলনায়তন-সংলগ্ন এলাকার রাস্তার জমি নিজের নামে পত্তন নিয়েছেন স্থানীয় ময়না ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এবং ওই ইউনিয়ন বিএনপির নির্বাহী সদস্য মো. মসিউল আজম মৃধা। স্থানীয় প্রশাসনের সহায়তায় তিনি এ কাজ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে ওই সম্পত্তির বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা। ব্যক্তিমালিকানায় নামপত্তন দেওয়ার কারণে রাস্তার জমি বেদখল হয়ে যাওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, কামারগ্রাম মৌজার এসএ ১৬৪২ নম্বর দাগে মোট জমির পরিমাণ ৯ শতাংশ। এসএ রেকর্ডে ওই জমির পুরো অংশই রাস্তা হিসেবে উল্লেখ রয়েছে। ওই জমি থেকে গত ২১ জুন ৪ শতাংশ জমির নামপত্তন দেওয়া হয় পৌরসভার ছোলনার বাসিন্দা উপজেলা যুবদলের নির্বাহী সদস্য মো. মোশাররফ হোসেনের নামে। তিনি বোয়ালমারী ইউনিয়ন ভূমি কার্যালয়ের (তহশিল অফিস) অবসরপ্রাপ্ত এমএলএসএস মো. গোলাম নবী মোল্লার ছেলে। ওই ৪ শতাংশ জমির ২ শতাংশ স্থানীয় ময়না ইউপির চেয়ারম্যান মসিউল আজম কিনে নেন। এবং গত ২৯ আগস্ট তিনি ওই জমি নিজের নামে পত্তন নেন।মো. মসিউল আজম মৃধা দাবি করেন, সব কাগজপত্র যাচাইবাছাই করেই উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাঁকে ওই জমির নামপত্তন দিয়েছেন। এ ব্যাপারে কোনো কারসাজি করা হয়নি। উপজেলা ভূমি কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত জরিপকারক (সার্ভেয়ার) মো. সোহেল রানা বলেন, যেহেতু এসএ রেকর্ডে ওই দাগের পুরো জমির শ্রেণী রাস্তা হিসেবে উল্লেখ রয়েছে, সেহেতু ওই সম্পত্তি ব্যক্তিমালিকানায় নামপত্তন দেওয়ার কোনো সুযোগ নেই। কীভাবে দুই দফায় ব্যক্তিমালিকানায় ওই জমির নামপত্তন দেওয়া হলো তা তাঁর জানা নেই। তা ছাড়া ভূমি আইন অনুযায়ী, ভূমির শ্রেণীও পরিবর্তন করা যায় না। বোয়ালমারী পৌর ভূমি কার্যালয়ের সহকারী ভূমি কর্মকর্তা (তহশিলদার) মো. সাখাওয়াত হোসেন বলেন, উপজেলা ভূমি কার্যালয়ের জরিপকারক গোলাম মোর্সেদ খান সরেজমিনে মাপজোক করে ওই দাগে ব্যক্তিমালিকানাধীন জমি থাকার বিষয়টি নিশ্চিত করেন। তবে ওই দাগের পুরো জমিই রাস্তা শ্রেণীর, এ তথ্য তাঁর জানা ছিল না।বর্তমানে চিকিৎসা ছুটিতে থাকা জরিপকারক গোলাম মোর্সেদ খান এ বিষয়ে নিজের অসহায়ত্ব প্রকাশ করে বলেন, ‘আমি নিজেও দীর্ঘদিন ধরে ওই জমি সরকারি সম্পত্তি বলেই জানতাম। তবুও আমাকে জমিটি ব্যক্তিমালিকানাধীন সম্পত্তি হিসেবে উল্লেখ করতে হয়েছে।’যোগাযোগ করা হলে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্বে থাকা ইউএনও নাসরিন জাহান বলেন, ‘রাস্তার জমি ব্যক্তিমালিকানায় নামপত্তন দেওয়া হয়েছে কি না তা আমি ঠিক সঞ্চরণ করতে পারছি না। তবে আমি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।’বোয়ালমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন বলেন, ৫০ লাখ টাকা মূল্যের ওই রাস্তার জমি ব্যক্তিমালিকানায় নামপত্তন দেওয়ার ঘটনা তিনি শুনেছেন। রাস্তার জমি কেউ দখল করতে চাইলে তা প্রতিহত করা হবে বলে জানান তিনি।