চেয়ারম্যানের নির্দেশে ১২টি গাছ সাবাড়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাতটি গাছ ও একই গ্রামের অজয় মিত্র নামের এক কৃষকের পাঁচটি গাছ কেটে ফেলা হয়েছে। ধানখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফজলুর রহমান তালুকদারের নির্দেশে এগুলো কাটা হয়েছে। এসব গাছের মধ্যে রেইনট্রি, তাল ও খেজুরগাছ রয়েছে।গতকাল শনিবার সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়ের দক্ষিণ দিকের সড়কের পাশ থেকে দুটি রেইনট্রি, একটি জিলাপি (স্থানীয় নাম) ও চারটি তালগাছ কেটে ফেলা হয়েছে। এ ছাড়া বিদ্যালয়ের পূর্ব পাশের বাসিন্দা অজয় মিত্রের তিনটি তাল ও দুটি খেজুরগাছ কাটা হয়েছে। এগুলো কেটে ফেলে রাখা হয়েছে রাস্তার পাশে।স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের শিক্ষকদের বাধা উপেক্ষা করে গত বৃহস্পতি ও শুক্রবার গাছগুলো কাটা হয়। এ কাজে নেতৃত্ব দেন ওই ইউনিয়নের মাছুয়াখালী গ্রামের জহর সিমলাই, মহানন্দ মাঝি ও মতিলাল ভাট। অজয় মিত্র বলেন, ‘আমাকে না জানিয়ে আমার বাড়ির সামনের তিনটি তালগাছ ও দুটি খেজুরগাছ কেটে ফেলা হয়েছে। একজন চেয়ারম্যান কীভাবে এমন কাজ করার নির্দেশ দিলেন, তা বুঝি না।’ স্থানীয় বাসিন্দা বিপ্লব শিয়ালী বলেন, ‘এসব গাছ প্রায় ৩০ বছর আগে লাগানো হয়েছিল। চেয়ারম্যান সাহেব গাছ কাটার নির্দেশ দিলেন কেন, তা আমরা বুঝতে পারছি না।’ধানখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজেতা হালদার বলেন, ‘গত বৃহস্পতিবার সকালে কিছু লোক এসে বিদ্যালয়ের গাছ কাটতে শুরু করেন। কারণ জানতে চাইলে তাঁরা চেয়ারম্যানের নির্দেশ পেয়ে গাছ কাটছেন বলে জানান। আমরা এর পরও গাছ কাটায় বাধা দিই। তাতেও কোনো কাজ না হওয়ায় আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছি।’ফজলুর রহমান তালুকদার বলেন, গাছগুলোর জন্য মানুষ ও পণ্যবাহী ভ্যান চলাচল করতে পারত না। তা ছাড়া রাস্তা প্রশস্ত করার চিন্তা থেকেই এগুলো কেটে নিতে বলা হয়েছে। এটা দোষের কিছু হলো?কলাপাড়ার ইউএনও দিদারে আলম মোহামঞ্চদ মাকসুদ চৌধুরী বলেন, বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে চেয়ারম্যানকে এর কারণ দর্শাতে বলা হয়েছে।