চেয়ারম্যানের নেতৃত্বে হামলা আহত ১৫
রাজশাহীর বাগমারা উপজেলার নরদাশ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের নেতৃত্বে গতকাল শুক্রবার প্রতিপক্ষের বসতঘরে হামলা, ভাঙচুর ও পুকুর দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এতে ১৫ জন আহত হন। চেয়ারম্যান এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গোড়সার গ্রামের সেকেন্দার আলী কয়েকজন সহযোগীকে নিয়ে ওই গ্রামের একটি খাস পুকুর ইজারা নিয়ে মাছের চাষ করছেন। নরদাশ ইউপির চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রশিদ ইজারায় অনিয়মের অভিযোগ তুলে পুকুরটি নিজের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেন। এর জের ধরে গতকাল সকালে তিনি ৩০-৪০ জন ভাড়াটে লোক নিয়ে পুকুরটি দখলের চেষ্টা করেন। এ সময় সেকেন্দার আলীর লোকজন বাধা দিলে তাঁদের তিনটি ঘরে হামলা ও ভাঙচুর করা হয়। এতে ১৫ জন আহত হন। আহতদের মধ্যে শুকুর আলী, মফেজ উদ্দিন, আতরজান, নজরুল ইসলাম ও এলেকা বিবিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সেকেন্দার আলী অভিযোগ করেন, চেয়ারম্যানের নেতৃত্বে তাঁদের পুকুর দখলের চেষ্টা ও ঘরে ভাঙচুর করা হয়েছে। তবে চেয়ারম্যান আবদুর রশিদ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন।