চেয়ারম্যানের পকেটে হাট উন্নয়নের টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বকমারি হাট উন্নয়নের সাত লাখ টাকার সিংহভাগই আত্মসাৎ করা হয়েছে। রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রিয়াজুল হক ও তাঁর অনুসারী কয়েকজন ইউপি সদস্য এ কাজ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রিয়াজুল হক গত অর্থবছরে জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হন।দৌলতপুর উপজেলা পরিষদ কার্যালয় সূত্রে জানা যায়, রামকৃষ্ণপুর ইউনিয়নের পুরোটা পদ্মার ওপারে চরের মধ্যে হওয়ায় জেলা বা উপজেলা শহর থেকে বিচ্ছিন্ন। গত বছরের ডিসেম্বরের শেষের দিকে এই জনপদের বকমারি হাটের উন্নয়নের জন্য ইউপি কার্যালয় থেকে সাত লাখ টাকা বরাদ্দের একটি প্রস্তাব পাঠানো হয়। এতে সাতটি উন্নয়নমূলক কাজের প্রস্তাব দেওয়া হয়। বরাদ্দ পেয়ে গত জানুয়ারিতে কাজ শুরু হয়ে মে মাসে শেষ হয়। অভিযোগ উঠেছে, সাতটি কাজের তদারকি কর্মকর্তার (পিআইসি) মধ্যে চেয়ারম্যান নিজেই ছিলেন একটিতে। বাকি ছয়টিতে চেয়ারম্যান মনোনীত ছয়জন ইউপি সদস্য ছিলেন। কিন্তু ইউপির প্রস্তাবে ১২ জন ইউপি সদস্যের স্বাক্ষর থাকলেও কয়েকজন জানিয়েছেন, তাঁরা এ বিষয়ে কিছু জানেন না।সরেজমিনে দেখা যায়, ভারতীয় সীমান্ত ১৫৫ নম্বর পিলার ঘেঁষে ৫ নম্বর রামকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠের কিছু অংশে মাটি ফেলা হয়েছে। এক কোণে একটি পায়খানা, ছোট একটি টিনের শেড ও দেড় শ ফুট দৈর্ঘ্যের একটি নর্দমা করা হয়েছে। বশিরুল ইসলাম নামের এক ব্যক্তি জানান, বকমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে মাটি ফেলার জন্য সব মিলিয়ে ২৪ হাজার ৩০০ টাকা দেওয়া হয়। পায়খানা ও নর্দমা নির্মাণে চরের বালুই বেশি ব্যবহার করা হয়েছে। এলাকা-বাসীর দাবি, দুই লাখ টাকারও কাজ হয়নি।নাম প্রকাশ না করার শর্তে এক নারী ইউপি সদস্য বলেন, হাটের কোনো কাজে তিনি সদস্যসচিব ছিলেন, তা তিনি নিজেও জানেন না। কত টাকা বরাদ্দ এসেছে তা-ও তিনি জানেন না। ইউপি সদস্য জিয়াউল হক বলেন, ‘শুনেছি, তিনটি প্রজেক্টে তিন লাখ টাকা বরাদ্দ এসেছিল। সাত লাখ টাকার ব্যাপারে জানি না।’ প্রস্তাবে স্বাক্ষর তাঁর নয় বলে তিনি দাবি করেন। নাম প্রকাশে অনিচ্ছুক আরেক ইউপি সদস্য বলেন, প্রস্তাবনাপত্রে স্বাক্ষর তাঁর নয়। চেয়ারম্যানসহ আরও দুই ইউপি সদস্য মিলে এ কাজের বেশির ভাগ টাকা আত্মসাৎ করেছেন। অভিযোগের ব্যাপারে চেয়ারম্যান রিয়াজুল হক প্রথম আলোকে বলেন, ‘শতভাগ কাজ কোনো জায়গায় করা হয় না। ৫০ ভাগ কাজ হলেই ধরে নিতে হবে কাজ হয়েছে।’