চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান আবদুল অদুদের পদত্যাগের দাবিতে গতকাল শনিবার ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওই বিভাগের শিক্ষার্থীরা।
অধ্যাপক রইছ উদ্দিনকে সরিয়ে গত বৃহস্পতিবার আবদুল অদুদকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। অদুদের বিরুদ্ধে বিভাগে শিক্ষক নিয়োগে বাণিজ্য, ভর্তি-বাণিজ্য ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে বলে দাবি করছেন শিক্ষার্থীরা। তাঁদের অভিযোগ, বিনা কারণে রইছ উদ্দিনকে সরানো হয়েছে। সম্প্রতি বিনা অনুমতিতে বিদেশে যাওয়ার অভিযোগে রইছ উদ্দিনকে অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক পদে পদাবনতি দেয় প্রশাসন। তিনি বিএনপি-সমর্থক শিক্ষকদের সংগঠন সাদা দলের সাধারণ সম্পাদক।
প্রত্যক্ষদর্শীরা জানান, নতুন চেয়ারম্যান আবদুল অদুদের পদত্যাগের দাবিতে গতকাল সকাল আটটার দিকে ক্লাস-পরীক্ষা বর্জন করে তাঁর দপ্তর এবং শিক্ষকদের তিনটি কক্ষে তালা দেন প্রতিবাদকারী শিক্ষার্থীরা। সকাল নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অশোক কুমার সাহা গিয়ে তালা ভাঙান। পরে সকাল সাড়ে ১০টার দিকে প্রক্টরের মাধ্যমে উপাচার্যের কাছে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।
অভিযোগ অস্বীকার করে আবদুল অদুদ প্রথম আলোকে বলেন, ‘যোগ্যতা আছে বলেই আমাকে ওই পদের দায়িত্ব দিয়েছে প্রশাসন। আর বিভাগে তালা দেওয়ার বিষয়ে আমি কিছু জানি না।’
প্রক্টর অশোক কুমার সাহা সাংবাদিকদের বলেন, দাবি আদায়ে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন বিভাগের শিক্ষার্থীরা।