চেয়ারম্যানের পরামর্শে সরকারি জায়গায় ঘর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় জেলা পরিষদের জায়গায় সম্প্রতি মুক্তিযোদ্ধার স্ত্রী জাহেরা খাতুনকে দোকানঘর নির্মাণের অনুমতি দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম। পরে সেখানে একটি টিনশেড দোকান নির্মাণ করে বিপাকে পড়েছেন জাহেরা।জানা গেছে, সম্প্রতি সিরাজুল জেলা পরিষদের জায়গায় একটি দোকানঘর নির্মাণ করতে উপজেলার ছলিমাবাদের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা প্রয়াত মোছলেম মিয়ার স্ত্রী জাহেরাকে মৌখিক অনুমতি দেন। সিরাজুলের নির্দেশ পেয়ে জাহেরা উপজেলা মুক্তিযোদ্ধাদের অস্থায়ী কার্যালয়ের পাশে প্রায় এক শতক জায়গায় একটি টিনশেড দোকানঘর নির্মাণ করেন। নির্মাণকাজ প্রায় শেষ হওয়ার পথে গত শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউছার হোসেন দোকান নির্মাণে বাধা ও স্থাপনা সরিয়ে নিতে নির্দেশ দেন। দোকান নির্মাণে ইতিমধ্যে জাহেরা প্রায় পৌনে দুই লাখ টাকা খরচ করেছেন। তাই ইউএনওর ওই নির্দেশ পেয়ে তিনি দিশাহারা হয়ে পড়েছেন।জাহেরা খাতুনের নাতি (মেয়ের ছেলে) রেজাউল করিম বলেন, ‘মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে সম্প্রতি নাভানা কোম্পানি থেকে নানিকে একটি কম্পিউটার, একটি প্রিন্টার, একটি স্ক্যানারসহ আরও কিছু সরঞ্জাম দিয়েছে। এগুলো নিয়ে একটি দোকান দিতে অনেক খোঁজাখুঁজি করেছি। অন্যত্র দোকান দিতে পাঁচ-ছয় লাখ টাকা অগ্রিম দিতে হয়। তাই সিরাজুল সাহেব এই জায়গায় আমাদের দোকান করতে বলেছেন।’ জাহেরা বলেন, ‘সিরাজুল সাহেব দোকান তৈরি করতে বলায় আমরা করেছি। এই জায়গার মালিক কে, আমরা তা জানি না। আইজ (শনিবার) ইউএনও সাব বাধা দিছে আমাগোর দোকান দিতে। এখানে দোকান দিতে আমাগোর প্রায় পৌনে দুই লাখ টেকা খরচ হইয়া গেছে।’জেলা পরিষদের জায়গায় দোকান নির্মাণ করতে আপনি কীভাবে অনুমতি দিয়েছেন, এমন প্রশ্নের জবাবে সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘জাহেরা মুক্তিযোদ্ধার স্ত্রী ও অসহায়। তাই তাঁকে জেলা পরিষদের জায়গায় দোকান নির্মাণ করতে বলেছি।’ ইউএনও এ টি এম কাউছার হোসেন প্রথম আলোকে বলেন, মুক্তিযোদ্ধার স্ত্রীকে স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছে।জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল মান্নান বলেন, ‘উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা পরিষদের জায়গা কিসের বলে দিয়েছেন, তা আমার জানা নেই।’