মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা ৯ ডিসেম্বর সব প্রার্থীকে না জানিয়ে সময়সূচি পরিবর্তন করে নেওয়া হয়েছে। এর আগে আরও দুবার প্রার্থীদের সাক্ষাৎকারপত্র দেওয়া হলেও অদৃশ্য কারণে পরীক্ষা নেওয়া হয়নি।মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতির পছন্দের ব্যক্তিকে নিয়োগের জন্য এসব অনিয়ম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।নিয়োগপ্রার্থী ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সূত্রে জানা গেছে, ৯ ডিসেম্বর সকাল ১০টায় পরীক্ষার সময়সূচি নির্ধারিত ছিল, কিন্তু পরীক্ষা নেওয়া হয়েছে বেলা দুইটায়।প্রধান শিক্ষক পদের প্রার্থী মলয় ভূষণ দাশ, বিপ্লব কান্তি দাস, আবদুল বাছিদ, তমাল ভট্টাচার্য, খলিলুর রহমান ও ফারুক আহমদের অভিযোগ, ৯ ডিসেম্বর সকাল ১০টায় পরীক্ষায় অংশ নিতে তাঁরা মির্জাপুর উচ্চবিদ্যালয়ে যান। কিন্তু ওই সময় বিদ্যালয়ের সব কক্ষেই তালা লাগানো ছিল। সাড়ে ১০টা পর্যন্ত অপেক্ষার পর সহকারী প্রধান শিক্ষক অনিল চন্দ্র ভৌমিক এসে জানান, ডিজির প্রতিনিধি আসতে না পারায় পরীক্ষা হবে না। এরপর তাঁরা বাড়ি ফিরে যান। কিন্তু পরদিন তাঁরা জানতে পারেন, ওই দিনই বিকেলে পরীক্ষা নেওয়া হয়েছে। বিদ্যালয়ের নোটিশ বোর্ড বা দেয়ালে পরীক্ষার সময় পরিবর্তনসংক্রান্ত কোনো নোটিশ ছিল না। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনিল চন্দ্র ভৌমিক বলেন, ‘আমি নিজে প্রার্থী। তাই এ বিষয়ে আমি কিছু বলতে পারব না।’ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. ফিরোজ মিয়া জানান, শুক্রবার সকাল ১০টায় পরীক্ষা হবে, এটা প্রার্থীদের লিখিতভাবে জানানো হয়েছিল। নিয়োগ বোর্ডের সরকারি প্রতিনিধিদের কারণে সময় পেছানো হয়েছে। প্রার্থীদের অভিযোগ সত্য নয় উল্লেখ করে তিনি বলেন, ‘আমি নিজে সকালে বিদ্যালয়ে ছিলাম। তিনজন প্রার্থী এসেছিলেন। তাঁদের দুইটায় আসতে বলেছি।’