চেয়ারম্যানের বাড়িতে হামলা, একজনকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নে গতকাল আওয়ামী লীগের এক পক্ষের হামলায় নিহত জিয়া শেখের পরিবারের সদস্যদের আহাজারি ছবি: প্রথম আলো
ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নে গতকাল আওয়ামী লীগের এক পক্ষের হামলায় নিহত জিয়া শেখের পরিবারের সদস্যদের আহাজারি ছবি: প্রথম আলো

ফরিদপুরের সালথায় গতকাল রোববার দলীয় কোন্দলের জের ধরে আওয়ামী লীগের এক পক্ষের লোকজন অপর পক্ষের এক ইউপি চেয়ারম্যান ও তাঁর সমর্থকদের বাড়িঘরে হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় কুপিয়ে হত্যা করা হয়েছে একজনকে। পুলিশসহ ৩১ জন আহত হয়েছেন। ২৪টি দোকান ও বাড়িতে ভাঙচুর এবং লুটপাট করা হয়েছে।

উপজেলার আটঘর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে গতকাল সকাল সাড়ে ৬টা থেকে ৮টা পর্যন্ত হামলার এ ঘটনা ঘটে। পুলিশ প্রথমে লাঠিপেটা ও পরে শটগানের ৪০টি গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহত ব্যক্তির নাম জিয়া শেখ (২৭)। তিনি আটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল হাসান খানের সমর্থক। সংঘর্ষের সময় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন তিনি। ডান পাঁজরে দুটি কোপ লাগে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। জিয়া একজন কৃষক। আট মাস আগে বিয়ে করেছিলেন।

গতকাল সকালে আওয়ামী লীগের এক পক্ষ অপর পক্ষের বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালায়  l ছবি: প্রথম আলো
গতকাল সকালে আওয়ামী লীগের এক পক্ষ অপর পক্ষের বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালায় l ছবি: প্রথম আলো

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গোয়ালপাড়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চেয়ারম্যান শহীদুল হাসান খানের সঙ্গে একই গ্রামের আওয়ামী লীগ সমর্থক কাওসার মাতবরের বিরোধ চলছে। গত শনিবার বিকেলে শহীদুলের সমর্থক সুজন শেখের সঙ্গে কাওসার মাতবরের সমর্থক নিশান খানের কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়।

শহীদুল হাসান খানের অভিযোগ, আগের দিনের ঘটনার জের ধরে গতকাল ভোর সাড়ে ছয়টার দিকে কাওসারের সমর্থনে পাশের গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওদুদ মাতবর এবং ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকির বেলায়েত হোসেনের চার শতাধিক সমর্থক গোয়ালপাড়া গ্রামে তাঁর (শহীদুল) ও তাঁর সমর্থকদের বাড়িতে ও দোকানে হামলা করে লুটপাট চালায়, অগ্নিসংযোগ করে। এ সময় জিয়াকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। এ ছাড়া হামলাকারীরা গোয়ালপাড়া বাজারে ১৭টি দোকান ভাঙচুর করে। এতে শহীদুলের ২৭ জন সমর্থক আহত হন। এর মধ্যে আটজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফরিদপুরের পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা প্রথম আলোকে বলেন, স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় জিয়া শেখ নামে এক ব্যক্তি নিহত হন। হামলাকারীরা বেশ কয়েকটি বাড়ি ও দোকান ভাঙচুর করেছে। হামলার খবর পেয়ে সালথা থানা ও ফরিদপুর পুলিশ লাইসনস থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলা ঠেকাতে গিয়ে চার পুলিশ সদস্য আহত হন। হামলার ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে কানাইপুর ইউপির চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকির বেলায়েত প্রথম আলোকে বলেন, ‘এ হামলার সঙ্গে আমার কিংবা আমার কোনো লোক জড়িত নয়। আটঘর ইউনিয়ন সালথা উপজেলায়। তাদের সঙ্গে আমার কোনো বিরোধ নেই। আমার সমর্থকেরা ওখানে হামলা করতে যাবে কেন?’

সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন বলেন, সালথা ও নগরকান্দা আসনের (ফরিদপুর-২) সাংসদ জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। তাঁর বড় ছেলে আয়মন আকবর ওরফে বাবলু মায়ের রাজনৈতিক প্রতিনিধি হিসেবে এলাকায় কাজ করেন। তিনি বিএনপিসহ বহিরাগতদের নিয়ে দলের পুরোনো নেতা-কর্মীদের কোণঠাসা করে ফেলেছেন। ফলে নতুন আসা ও পুরোনোদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে। একটি পক্ষ আয়মন আকবরপন্থী এবং আরেকটি বিপক্ষে।

তবে আয়মন আকবর প্রথম আলোকে বলেন, সালথা-নগরকান্দার যে বিরোধ তা রাজনৈতিক নয়, আদর্শিক। স্বাধীনতাবিরোধীদের সঙ্গে স্বাধীনতার সপক্ষের। সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেনসহ একটা অংশ স্বাধীনতাবিরোধী। তারা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগে থেকে ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করছে।