চেয়ারম্যানের বাড়ির ঘাটলা সরকারি টাকায়!
সরকারি টাকা দিয়ে পারিবারিক পুকুরের ঘাটলা নির্মাণ করছেন চরভদ্রাসনের উপজেলা পরিষদের চেয়ারম্যান। এর সত্যতা স্বীকার করে উপজেলা চেয়ারম্যান দাবি করেছেন, পুকুর পারিবারিক হলেও ঘাটলাটি এলাকার সবার উপকারে আসবে।গত মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের চর সুলতানপুর গ্রামের গাবতলা মোড়ে হাজিগঞ্জ-চরভদ্রাসন সড়কের পূর্বপাশে উপজেলা চেয়ারম্যানের বাড়ি। রাস্তার পশ্চিম পাশে প্রায় এক একর জমির ওপর তাঁর (চেয়ারম্যান) মালিকানাধীন পুকুরটি অবস্থিত। এই পুকুরের পশ্চিম পাড়ে এ ঘাটলাটি নির্মাণ করা হচ্ছে। ২৫ এপ্রিল নির্মাণকাজ শুরু হয়েছে। ২৩ ধাপবিশিষ্ট এ ঘাটলার প্রাথমিক ঢালাইয়ের কাজ শেষ হয়েছে। ঢালাই শেষে ১২ মে থেকে কাজ আপাতত বন্ধ রয়েছে।প্রতিবেশী হাজিগঞ্জের ব্যবসায়ী কবিরুল আলম জানান, ওই পুকুরটি চেয়ারম্যানের ব্যক্তিগত সম্পত্তি। পুকুরটি তাঁর পরিবারের লোকজনই ব্যবহার করেন। এলাকার লোকজন পুকুরটি ব্যবহার করতে পারে না। ফরিদপুর জেলা পরিষদ সূত্রে জানা গেছে, জেলা পরিষদের একটি প্রকল্পের অধীনে এক লাখ টাকা ব্যয়ে ঘাটলাটি নির্মাণ করা হচ্ছে। প্রকল্পটি উপজেলা চেয়ারম্যানের ভাই মো. আমজাদ হোসেনের নামে অনুমোদন করা হয়েছে। কাজটি করছে এস এম খান কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদার প্রতিষ্ঠান। এ বিষয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন একই ইউনিয়নের (গাজীরটেক) ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ ফজল (৫০)। লিখিত অভিযোগে তিনি বলেন, সরকারি অর্থে নির্মাণাধীন ঘাটলা এলাকাবাসীর কোনো কাজে আসবে না, চেয়ারম্যান তাঁর বাড়ি সাজানোর জন্যই সরকারি অর্থ নিজের পুকুরে ঢালছেন। এ ছাড়া বছরের প্রায় আট মাস ওই পুকুর পানিশূন্য থাকে। উপজেলা চেয়ারম্যান আবুল হোসেন বলেন, মন্ত্রণালয় থেকে অনুমোদন নিয়ে জেলা পরিষদের দরপত্রের মাধ্যমে ঘাটলা নির্মাণ হচ্ছে। কাজেই অভিযোগ দাখিল করে কোনো লাভ নেই। তিনি বলেন, এটি তাঁর পারিবারিক পুকুর হলেও রাস্তার পাশে অবস্থিত হওয়ায় এলাকার সবার উপকারে আসবে। তিনি দাবি করেন, পুকুরের রাস্তার পাশের কিছু জায়গা সড়ক ও জনপথ বিভাগ অধিগ্রহণ করেছে, সে জায়গাতেই ঘাটলাটি নির্মিত হচ্ছে। পুকুরে সারা বছর পানি থাকে না স্বীকার করে তিনি বলেন, ‘আমি পুকুরটি খনন করে যাতে সারা বছর পানি থাকে তার ব্যবস্থা করব।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুুর রশিদ বলেন, সরকারি টাকা দিয়ে ব্যক্তিগত পুকুরের ঘাটলা নির্মাণের এ অভিযোগটি সত্য। এটি জেলা পরিষদের তহবিলে নির্মিত হলেও এ-সংক্রান্ত কোনো কাগজপত্র তাঁকে দেওয়া হয়নি।