চেয়ারম্যানের বিচারকাজ অব্যাহত রাখার বিষয়ে আদেশ ২৮ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক কোন কারণগুলো বিবেচনায় বিচারিক কার্যক্রম অব্যাহত রেখেছেন, সে বিষয়ে ২৮ নভেম্বর আদেশ দেওয়া হবে।গতকাল বুধবার এ বিষয়ে আদেশের দিন ধার্য ছিল। তবে সকালে ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্ট্রার মেজবাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, ২৮ নভেম্বর এ বিষয়ে আদেশের দিন পুনর্নির্ধারণ করা হয়েছে।মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে তাঁর আইনজীবী আবদুর রাজ্জাক গত ২৭ অক্টোবর ট্রাইব্যুনালের চেয়ারম্যানকে বিচারিক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য (রিকিউজাল) আবেদন করেন। আবেদনে বলা হয়, ট্রাইব্যুনালের চেয়ারম্যান ১৯৯৩-৯৪ সালে গঠিত গণতদন্ত কমিশনের সদস্য ছিলেন। এ জন্য বিচারপতি হিসেবে তাঁর নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য বিচারপতি এ টি এম ফজলে কবীর ও বিচরপতি এ কে এম জহির আহমেদ ওই আবেদনের শুনানি শেষে ১৪ নভেম্বর আদেশ দেন। আদেশে বলা হয়, তিন সদস্যের এই ট্রাইব্যুনালের কোনো সদস্যকে বিচারকাজ থেকে বিরত থাকার বিষয়ে আদেশ দেওয়ার বা মন্তব্য করার আইনগত এখতিয়ার অন্য সদস্যদের নেই। এটা সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট সদস্যের বিবেচনার ওপর নির্ভরশীল। পরে ২০ নভেম্বর চেয়ারম্যান শুনানিতে অংশ নিলে আবদুর রাজ্জাক ট্রাইব্যুনালের কাছে জানতে চান, কোন কারণগুলো বিবেচনায় তিনি বিচারিক কার্যক্রম অব্যাহত রেখেছেন। ট্রাইব্যুনাল এ বিষয়ে আদেশের জন্য ২৩ নভেম্বর দিন ধার্য করেছিলেন।