চেয়ারম্যানের বিচারে নির্ভর করছে সুইক্রাচিং মারমার জমির ভবিষ্যৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘চেয়ারম্যানের বিচারের ওপরই নির্ভর করছে আমার জমির কী হবে। আর জমির কী হবে, তার ওপর নির্ভর করছে জীবনের কটা বছর বেঁচে থাকা না-থাকা কীভাবে হবে।’ ষাটোর্ধ্ব সুইক্রাচিং মারমা কপালে হাত রেখে ভাঙা ভাঙা বাংলায় কথাগুলো বলছিলেন।লামা ফাইতং ইউনিয়নের শিবাতলী মি অংপাড়ার এই বৃদ্ধা স্বামী মারা যাওয়ার পর একাই পাঁচ একর ভোগদখলীয় জমিতে জুম ও ফলদ বাগানের ওপর নির্ভর করে বেঁচে রয়েছেন। খুঁটির ওপর মাচান দেওয়া ছোট্ট একটি কুঁড়েঘরে থাকেন। পাঁচ মেয়ে ও এক ছেলে সবাই যে যাঁর ঘরসংসার নিয়ে আলাদা থাকেন। বললেন, দুই কুড়ি তিন বছর (৪৩ বছর) ধরে ভোগদখলীয় এই জমিতে যৌবনে করা বাগানের ফলমূল ও গাছ বিক্রি করে জীবনের বাকি কটা বছর কাটাতে চান।পাড়ার লোকজন গতকাল বৃহস্পতিবার জানিয়েছেন, কয়েক মাস আগে কোত্থেকে হঠাৎ অজানা-অচেনা এক বহিরাগত দলবল নিয়ে এসে বৃদ্ধার ঘর ও বাগান দখলের চেষ্টা করেছেন। বাগানের ফলদ-বনজ গাছও কিছু কেটে ফেলেছেন। পরে পাড়ার লোকজন গিয়ে তাঁদের তাড়িয়ে দিয়েছে। কিন্তু নিজে বাগান কেটে দিয়ে লোকটি ওই জমি তাঁর দাবি করে উল্টো সুইক্রাচিংসহ পাড়ার কয়েকজনের বিরুদ্ধে ফাইতং ইউপি চেয়ারম্যানের কাছে বিচার দিয়েছেন।পাড়ার মংসাউ মারমা ও ক্যজহ্রী মারমা বলেছেন, বৃদ্ধার জমির পাশে তাঁদেরও বন্দোবস্ত জমি রয়েছে। এলাকায় কখনো দেখা যায়নি এমন লোক এসে দাবি করেন ওই জমি তাঁদের। মংসাউ মারমা বলেন, বিভিন্নজনের কাছ থেকে জানতে পেরেছেন যে যাঁরা দখল করতে এসেছেন, তাঁদের মধ্যে দুজনের নাম নুরুল আলম ও জসিম উদ্দিন। তাঁদের বাড়ি চকরিয়ায় এবং ভুয়া দলিল নিয়ে তাঁরা জমি দখল করতে এসেছিলেন।পাড়াবাসী অভিযোগ করেছেন, ফাইতং ইউপি চেয়ারম্যান শামসুল আলম ওই অচেনা ও অজানা বহিরাগতদের সহযোগিতা করছেন।সুইক্রাচিং মারমার বাড়ি ভেঙে দেওয়া ও বাগান কেটে ফেলার কথা স্বীকার করলেও দখলদারদের সহযোগিতার কথা অস্বীকার করে ফাইতং ইউপি চেয়ারম্যান শামসুল আলম বলেছেন, চকরিয়ার নুরুল আলম নামের একজন জায়গাটি তাঁর দাবি করেছেন। তাঁর কাগজপত্র যাচাই করা হচ্ছে। সুইক্রাচিং মারমাসহ পাড়াবাসীর দখলে থাকা জমি পাড়াবাসীই পাবে বলে তিনি জানান।