চেয়ারম্যানের বিপণিবিতানের কাজ বন্ধে মন্ত্রণালয়ের চিঠি
বগুড়ার ধুনটে সরকারি জায়গায় অবৈধ সেই বিপণিবিতানের নির্মাণকাজ বন্ধ রাখতে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে গত বুধবার বিকেলে উপজেলা পরিষদকে চিঠি দেওয়া হয়েছে।উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া সরকারি জায়গা দখল করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অবৈধভাবে বিপণিবিতান নির্মাণ করছিলেন। নির্মাণাধীন বিপণিবিতানের ১৭০টি দোকানঘর বরাদ্দের নামে চেয়ারম্যান কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলেও অভিযোগ ওঠে। এরপর বগুড়া-৫ (ধুনট-শেরপুর) আসনের সাংসদ হাবিবুর রহমান চিঠি দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেন। ইউএনও আতাউল গনি গত ২৭ অক্টোবর থানা পুলিশের সহায়তায় নির্মাণকাজ বন্ধ করে দেন।উপজেলা পরিষদের চেয়ারম্যান টি আই এম নুরুন্নবী ১৩ অক্টোবর উপজেলা পরিষদের রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে পরিষদের খালি জায়গায় অস্থায়ীভাবে দোকানঘর নির্মাণের অনুমতি চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি পাঠান। এর পরিপ্রেক্ষিতে জ্যেষ্ঠ সহকারী সচিব সারোয়ার বারী ৩ নভেম্বর এক নির্দেশে জানান, উপজেলা পরিষদের খালি জায়গায় অস্থায়ীভাবে দোকানঘর নির্মাণের কোনো সুযোগ নেই।টি আই এম নুরুন্নবী বলেন, ‘মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়ার বিষয়ে শুনেছি। তবে আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি এখনো হাতে পাইনি।’ ধুনট থানার ওসি তোজাম্মেল হক বলেন, ‘পরিষদের জায়গায় বিপণিবিতান নির্মাণের কাজ বন্ধের জন্য গত বুধবার বিকেলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চিঠি পেয়েছি।’ ১৪ অক্টোবর প্রথম আলোয় ‘সরকারি জায়গায় আ.লীগ নেতার ১৭০ দোকান’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।