চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
মিরসরাইয়ের ধূম ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা তারেক ইসমত জামশেদীর বিরুদ্ধে অনাস্থা এনেছেন পরিষদের নির্বাচিত সব সদস্য (১২ জন)।
গত মঙ্গলবার চেয়ারম্যানের নানা অনিয়ম-দুর্নীতি আর স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ অনাস্থাপত্র জমা দিয়েছেন।
সদস্যরা অভিযোগ করেন, ২০১১ সালের ৭ জুন ধূম ইউনিয়নের নির্বাচন হয়। এতে চেয়ারম্যান নির্বাচিত হন উপজেলা আওয়ামী লীগের সদস্য তারেক ইসমত জামশেদী। নির্বাচনের পর থেকে প্রতি মাসে মাসিক সভা হওয়ার কথা থাকলেও চেয়ারম্যান মাত্র তিন-চারটি মাসিক সভা করেছেন। চেয়ারম্যান তঁার মনগড়া নিয়মে পরিষদের যাবতীয় কাজ পরিচালনা করছেন। পরিষদের আয়-ব্যয় ও সরকারি-বেসরকারি অনুদানের হিসাবের কোনো তথ্য সদস্যদের জানাননি। শুধু তাই নয়, পরিষদের সব সদস্য চেয়ারম্যানের কাছে লিখিত আবেদন করেও এসবের কোনো তথ্য পাননি। এ ছাড়া বিগত অর্থবছরের এডিপি, এলজিএসপি, টিআর, কাবিখা ও স্যানিটেশনসহ বেশ কিছু প্রকল্পে চেয়ারম্যান ব্যাপক অনিয়ম করেছেন বলেও অনাস্থাপত্রে তাঁরা উল্লেখ করেছেন। তা ছাড়া পরিষদের পল্লী আদালত পরিচালনায় সংশ্লিষ্ট সদস্যদের মতামত উপেক্ষা করে চেয়ারম্যান নিজের মনগড়া রায় প্রদান করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য নাসির উদ্দিন অভিযোগ করেন, গত মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে অনাস্থাপত্র জমা দেওয়ার পর থেকে চেয়ারম্যানের লোকজন সব সদস্যকে অনাস্থাপত্র তুলে নেওয়ার জন্য মোবাইল ফোনে হুমকি দিচ্ছেন। তাই তাঁরা জোরাগঞ্জ থানায় ডায়েির করেছেন।
চেয়ারম্যান তারেক ইসমত জামশেদী অনাস্থা প্রসঙ্গে বলেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়।