চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আমিরুল ইসলামের বিরুদ্ধে ভিজিএফের চাল বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করেছেন ২ নম্বর ওয়ার্ডের সদস্য এস এম গোলাম সরোয়ার।এস এম গোলাম সরোয়ার এ বিষয়ে গত রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়েছে, ইউপি চেয়ারম্যান গত ৩১ জানুয়ারি ভিজিএফ কর্মসূচির চালের বরাদ্দপত্র (ডিও লেটার) পান। ৩ ফেব্রুয়ারি ওই চাল তুলে বাজারে বিক্রি করে দেন। পরবর্তী সময় বিষয়টি জানাজানি হলে বাজার থেকে চাল কিনে ২৩ ফেব্রুয়ারি গ্রামে গ্রামে গিয়ে তাঁর ঘনিষ্ঠ লোকদের দিয়ে তা বিতরণ করেছেন। অথচ নিয়ম অনুযায়ী ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে এই চাল বিতরণ করার কথা। এ ছাড়া সুবিধাভোগী ব্যক্তিদের প্রত্যেককে ১০ কেজি করে চাল বিতরণের কথা থাকলেও তিন থেকে চার কেজি করে চাল দেওয়া হয়েছে।চেয়ারম্যান তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ১২ জন সদস্যের মধ্যে মাত্র একজন সদস্য অভিযোগ করেছেন। অনিয়ম-দুর্নীতি হলে নিশ্চয় অন্য সদস্যরাও অভিযোগ করতেন। তিনি আরও বলেন, বরাদ্দকৃত চাল তুলে ২৩ ফেব্রুয়ারি ২ নম্বর ওয়ার্ডসহ তিনটি ওয়ার্ডে বিতরণ করা হয়েছে। আর সুবিধাভোগী ব্যক্তিদের সুবিধার জন্যই গ্রামে গ্রামে গিয়ে চাল বিতরণ করা হয়েছে।অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে ইউএনও আনজুমান আরা বলেন, দাপ্তরিক কাজে ব্যস্ততার কারণে ডাক ফাইল দেখা হয়নি।