চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ মামলা
সরকারি টাকা আত্মসাতের অভিযোগে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ওমরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ তিনজনের বিরুদ্ধে গত বৃহস্পতিবার মামলা হয়েছে।আসামিরা হলেন: ইউপি চেয়ারম্যান আবদুল হালিম মোল্লা, ইউপি সদস্য আবদুল বাতেন ও বছির উদ্দীন। ইউপি সদস্য কামরুল ইসলাম বাদী হয়ে থানায় এ মামলা করেন।মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ৬ অক্টোবর ইউনিয়ন পরিষদের স্থাবর সম্পত্তি হস্তান্তর বাবদ আদায় করা করের ৯০ হাজার টাকা ইউপি চেয়ারম্যান আবদুল হালিম মোল্লা আত্মসাৎ করেন। এ ছাড়া চলতি অর্থবছরের অতিদরিদ্রের জন্য কর্মসংস্থান প্রকল্পের প্রথম পর্যায়ের ৪০ দিনের কর্মসূচির এক লাখ ৪০ হাজার টাকা তিনি আত্মসাৎ করেন। বিষয়টি জানাজানি হলে গত ২৮ ফেব্রুয়ারি ইউপি সদস্যদের চেয়ারম্যান নিজ বাড়িতে ডেকে নিয়ে ধামাচাপা দেওয়ার জন্য রেজুলেশনে জোর করে স্বাক্ষর নেওয়ার জন্য বলেন। বিষয়টি নিয়ে ইউপি সদস্যদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে উল্লিখিত আসামিরা কয়েকজন ইউপি সদস্যকে মারধর করেন।ইউপি চেয়ারম্যান আবদুল হালিম বলেন, ‘বাড়ির আঙিনায় আগে থেকে থাকা একটি ঘর ইউপির তথ্যকেন্দ্র হিসেবে পরিচালনা করার জন্য মেঝে পাকা করা হয়েছে। এ ছাড়া বাকি টাকা বিভিন্নভাবে খরচ করা হয়েছে। কর্মসৃজন প্রকল্পের টাকা জমা আছে, পরে কাজ করে দেওয়া হবে। কোনো প্রকার মারধর করা হয়নি, ইউপি সদস্যরাই নিজেদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় করেছেন মাত্র। তাঁরা আমার বিরুদ্ধে থাকায় মিথ্যা অভিযোগ দিয়েছেন।’চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ এবং মারধর বিষয়ে মামলা নথিভুক্ত করার পর তদন্তের জন্য একজন এসআইকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করার পর বিস্তারিত জানানো যাবে।