চেয়ারম্যানের বিরুদ্ধে এলজিএসপির অর্থ আত্মসাতের অভিযোগ
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার গোপদীঘি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে স্থানীয় সরকার সহায়তা প্রকল্পের (এলজিএসপি-২) টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ওই ইউপির সদস্য আশরাফ উদ্দিন ও মো. নজু মিয়া জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে পৃথক অভিযোগ দিয়েছেন।অভিযোগে বলা হয়েছে, ২০১১-১২ অর্থবছরে এলজিএসপি-২-এর আওতায় ওই ইউনিয়নে আটটি প্রকল্পের বিপরীতে ১০ লাখ ৪১ হাজার ৬৪৪ টাকা বরাদ্দ দেওয়া হয়। ইউপি চেয়ারম্যান নুরুল হক ইউপির সব সদস্যকে বিষয়টি না জানিয়ে ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আশরাফ মিয়া, ৭ নম্বর ওয়ার্ডের সদস্য জমির মিয়াসহ তিনজন নারী সদস্যকে এসব প্রকল্পের কমিটিতে অন্তর্ভুক্ত করেন। পরে কোনো প্রকল্পে আংশিক এবং কোনো প্রকল্পে কাজ না করেই তাঁরা সব টাকা আত্মসাৎ করেন।অভিযোগ অস্বীকার করে নুরুল হক দাবি করেন, ইউপির সব সদস্যের সঙ্গে আলোচনা করেই প্রকল্প কমিটি গঠন করা হয়। প্রতিপক্ষের লোকজন ঈর্ষান্বিত হয়ে তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন।