চেয়ারম্যানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিজিএফের ৫১ বস্তা গম উদ্ধারের ঘটনায় জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে এবং এ মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল শুক্রবার ইউনিয়নের হাসিল বটতলা এলাকায় স্থানীয় লোকজন এ কর্মসূচির আয়োজন করেন।

গতকাল দুপুর ১২টার দিকে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তব্য দেন মেষ্টা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আবু বক্কর সিদ্দিকী, সাধারণ সম্পাদক আশরাফ ফারুকী, সাংগঠনিক সম্পাদক হারুন-অর রশিদ তরফদার, মেষ্টা ইউপির প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম, ১ নম্বর ওয়ার্ডের সদস্য ওহাব আলী, ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আতিকুর রহমান, মেষ্টা ইউনিয়ন যুবলীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক জাকিউল ইসলাম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, অপরিচিত একজন গম ব্যবসায়ীর গুদাম থেকে ৫১ বস্তা গম উদ্ধার হয়। উদ্ধার হওয়া গম চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়। চেয়ারম্যানের গম হলে তাঁর কাছে জিম্মায় রাখা হতো না। রহস্যজনক কারণে চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ওই মামলা থেকে চেয়ারম্যানের নাম প্রত্যাহারের দাবি জানানো হয়। মামলা থেকে নাম প্রত্যাহার না করা হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণাও দেওয়া হয় মানববন্ধন থেকে।

গত শনিবার সন্ধ্যায় সদর উপজেলা প্রশাসন ভিজিএফের ৫১ বস্তা গম হাজীপুর বাজার এলাকার একটি ওষুধের দোকান থেকে জব্দ করে। এ ঘটনায় গত বুধবার সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলাল উদ্দিন বাদী হয়ে একটি মামলা করেন। এ মামলায় আসামি করা হয় দোকান মালিক আব্দুর রাজ্জাক ও মেষ্টা ইউপির চেয়ারম্যান মো. জামিনুর ইসলাম তালুকদারকে।