চেয়ারম্যানের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলা চেয়ারম্যান উপজেলা পরিষদ চত্বরের প্রায় ১০ লাখ টাকা মূল্যের ১৫টি রেইনট্রি ও ছয়টি মেহগনিগাছ কেটে নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।রোববার সকালে গাছগুলো কাটার সময় ছবি তুলতে গিয়ে স্থানীয় একটি পত্রিকার একজন সাংবাদিক লাঞ্ছিত হয়েছেন।রোববার সকালে সরেজমিনে দেখা গেছে, উপজেলা চত্বরের প্রায় অর্ধশত বছর বয়সের ১৫টি রেইনট্রি ও ছয়টি মেহগনিগাছের ডালপালা কাটছে একদল শ্রমিক। নাম প্রকাশ না করার শর্তে একাধিক কাঠ ব্যবসায়ী জানান, ওই গাছগুলোর দাম প্রায় ১০ লাখ টাকা।পটুয়াখালী বার্তা পত্রিকার সাংবাদিক সোহেল রানা জানান, সকালে গাছ কাটার সময় ছবি তুলতে গেলে উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমানের ক্যাডারদের তোপের মুখে পড়েন তিনি। তারা তাঁকে লাঞ্ছিত করে এবং তোলা ছবি মুছতে বাধ্য করে। মজিবুর রহমান জানান, ছবি তোলার আগে অনুমতি নেওয়া উচিত ছিল। গাছের ডালপালা ও পাতা পড়ে পুকুরের পানি নষ্ট হচ্ছে। ফলে মুসল্লিদের অজু ও গোসল করতে সমস্যা হয়। এ ছাড়া গাছের কারণে উপজেলা চত্বরের সীমানাপ্রাচীরেরও ক্ষতি হচ্ছে। এ জন্য ডালপালা কাটা হচ্ছে। তবে মূল গাছ কাটা হচ্ছে না।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল কালাম আজাদ বলেন, ‘গাছ কিংবা ডালপালা কাটার ব্যাপারে আমি কিছুই জানি না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গাছ বা ডাল কাটতে কিছুদিন আগে নিষেধ করা হয়েছে।’নাজিরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইব্রাহিম ফারুক বলেন, ‘২০০৯ সালের ২৮ অক্টোবর উপজেলা পরিষদের সভায় উপজেলা চেয়ারম্যান ওই গাছগুলো কাটার জন্য প্রস্তাব আনেন। তখন আমিসহ অধিকাংশ ইউপির চেয়ারম্যান দ্বিমত পোষণ করি।’ সভায় এ বিষয়ে ইউপির চেয়ারম্যান মো. জসিম উদ্দিন ফরাজীকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিও পরিবেশ রক্ষার স্বার্থে গাছ কাটার বিপক্ষে মত দেয়। বর্তমানে গাছ কাটার ব্যাপারে তিনি কিছুই জানেন না।