নোয়াখালীর সেনবাগের ডমুরুয়া ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে শ্রীপুর-বড়তুপা সড়কে কাদরা ইউনিয়ন পরিষদের লাগানো অর্ধশতাধিক বনজ গাছ বিক্রির অভিযোগ উঠেছে। গত শনিবার ভোর থেকে চেয়ারম্যানের মনোনীত গাছ ব্যবসায়ীর লোকজন ওই গাছ কাটতে শুরু করে। উদ্ভূত পরিস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে পুলিশ গাছ কাটা বন্ধ করে দেয় এবং বেশ কিছু গাছ জব্দ করে। ঘটনার তদন্তে ইউএনও গতকাল রোববার উপজেলা প্রকৌশলীকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটিকে ২৭ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।তবে, চেয়ারম্যান কামরুল ইসলাম দাবি করেন, ‘ওই গাছগুলো তাঁর ইউনিয়নের রাস্তার মধ্যে। রাস্তাটি সংস্কার করার জন্য তিনি পরিষদের বৈঠকের সিদ্ধান্তের আলোকে গাছগুলো দুই লাখ ৫০ হাজার টাকায় নিলামে বিক্রি করেছেন। তিনি বলেন, বন কর্মকর্তার পরামর্শ নিয়েই পরিষদ থেকে গাছগুলো নিলামে দেওয়া হয়েছে। এ নিয়ে কাদরা ইউনিয়নের চেয়ারম্যানের দাবির কোনো যৌক্তিকতা নেই।বনায়ন কমিটির সভায় অনুমোদন না নিয়ে একসঙ্গে এতগুলো গাছ কাটার ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন উপজেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মোমেন ভূঞা। মুঠোফোনে প্রথম আলোর সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘গাছগুলো সরাসরি বন বিভাগ লাগায়নি ঠিক, কিন্তু ইউনিয়ন পরিষদের লাগানো গাছ হলেও সেগুলো তো সরকারি সম্পদ। একসঙ্গে এতগুলো গাছ কাটার আগে অবশ্যই এ বিষয়ে তাঁদের পরামর্শ নেওয়া উচিত ছিল।’সরেজমিন দেখা যায়, শ্রীপুর-বড়তুপা কাঁচা সড়কের দুই পাশের প্রায় ৬০-৭০টি বনজ গাছ কাটতে ব্যস্ত ২৫ থেকে ৩০ জন শ্রমিক। কর্তব্যরত শ্রমিকেরা জানান, ডমুরুয়া ইউনিয়নের চেয়ারম্যান কামরুল ইসলাম ওই গাছগুলো নিলামে বিক্রি করেছেন। মীর হোসেন নামের এক কাঠ ব্যবসায়ী গাছগুলো কিনেছেন।ডমুরুয়া ইউনিয়ন পরিষদের একটি সূত্রে জানা গেছে, গাছগুলো কাটার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পরিষদের সব সদস্যের সঙ্গে আলোচনা করা হয়নি। অন্য সব সিদ্ধান্তের মতোই চেয়ারম্যান তাঁর ঘনিষ্ঠ লোকদের সঙ্গে আলোচনা করে গাছ কাটার সিদ্ধান্ত নিয়েছেন। এখন দায়দায়িত্ব সবই চেয়ারম্যানের।কাদরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল হক দাবি করেন, ‘তাঁর ইউনিয়নের বড়তুপা-শ্রীপুর সড়কের ওই গাছগুলো তিনি ১৯৯৪ সালে চেয়ারম্যান থাকাকালে গাছগুলো লাগিয়েছেন। কিন্তু ডমুরুয়া ইউনিয়নের চেয়ারম্যান সম্পূর্ণ অন্যায়ভাবে ক্ষমতার অপব্যবহার করে ওই গাছ বিক্রি করে অর্থ হাতিয়ে নিতে ব্যস্ত হয়ে পড়েছেন। এ ঘটনা তিনি ইউএনওকে জানালে তিনি গাছ কাটা বন্ধ রাখতে নির্দেশ দেন।’উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আনোয়ার পাশা বলেন, ‘রাস্তাটি ইউনিয়ন পরিষদের নাকি এলজিইডির তাও পুরোপুরি নিশ্চিত নয়। ইউনিয়ন পরিষদের হলেও গাছ কাটার বিষয়ে চেয়ারম্যান উপজেলা বনায়ন কমিটির সঙ্গে আলোচনা কিংবা পরামর্শ নেননি।’