চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ!
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের বংশীকুন্ডা বাজারের অইজারাকৃত নৌকাঘাট থেকে এক সপ্তাহ ধরে ওই ইউনিয়নের সাবেক এক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তাঁর লোকজন নিয়োজিত করে সেখান থেকে চাঁদা আদায় করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।এ ব্যাপারে স্থানীয় বাজারের অর্ধশতাধিক ব্যবসায়ী চাঁদাবাজি বন্ধে গত সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিতভাবে আবেদন জানিয়েছেন। ব্যবসায়ীদের লিখিত অভিযোগ, ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের বংশীকুণ্ডা বাজারের দক্ষিণ পাশে আট-দশ বছর ধরে একটি নৌকাঘাট রয়েছে। এটি সরকারিভাবে কখনো ইজারা দেওয়া হয়নি। বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন এখানে ১০-১৫টি ছোটবড় ইঞ্জিনচালিত নৌকা এসে সমবেত হয়ে যাত্রী নিয়ে বিভিন্ন এলাকার উদ্দেশে ছেড়ে যায়। সপ্তাহ খানেক ধরে ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আকরাম হোসেন এ ঘাটে তাঁর লোকজন নিয়োজিত করে প্রত্যেক ইঞ্জিনচালিত নৌকার চালকদের কাছ থেকে জনপ্রতি ৫০ থেকে ১০০ টাকা করে অবৈধভাবে টাকা আদায় করে চলেছেন।নৌকার মালিক মুখলেছুর রহমান বলেন, ‘ইজারা না নিয়েও একটি সংঘবদ্ধ চক্র নৌকাঘাট থেকে অবৈধভাবে চাঁদা উত্তোলন করে চলেছে বিষয়টি দুঃখজনক। আমরা বিষয়টি লিখিতভাবে ইউএনওকে জানিয়েছি।’বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাসেল আহমদ বলেন, ‘এ নৌকাঘাটটি কখনো ইজারা দেওয়া হয়নি। সাবেক ইউপি চেয়ারম্যান তাঁর লোকজন নিয়োজিত করে নৌকাঘাটে চাঁদাবাজি শুরু করেছেন এ বিষয়টি আমি শুনেছি। এটি বন্ধে এলাকাবাসীকে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ সাবেক ইউপি চেয়ারম্যান মো. আকরাম হোসেন দাবি করেন, অতীতে ইউপি চেয়ারম্যানরা এটি ইজারা দিয়েছেন। নৌকাঘাটে কোনো চাঁদাবাজি হচ্ছে না।উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান স্বাক্ষরিত এ-সংক্রান্ত কাগজপত্রাদি তাঁর কাছে রয়েছে। মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মিজানুল হক বলেন, ‘এ-সংক্রান্ত কোনো অভিযোগ আমি পাইনি। নৌকাঘাট থেকে অবৈধভাবে কেউ টাকা আদায় করলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, ‘এ-সংক্রান্ত কোনো অভিযোগ বা আবেদন এখনো পাইনি। উপজেলা পরিষদ থেকে নৌকাঘাট ইজারা দেওয়ার সরকারি কোনো নিয়ম নেই।’ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল হাই তালুকদার বলেন, ‘এতে আমার কোনো সম্পৃক্ততা নেই।’