চেয়ারম্যানের বিরুদ্ধে চাল আত্মসাতের প্রমাণ মিলেছে
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেন মৃধার বিরুদ্ধে ভিজিএফ (মৎস্য) প্রকল্পের চাল আত্মসাতের প্রমাণ মিলেছে। এ ছাড়া তিনি ভিজিডি কার্ডধারীদের চাল কম দিয়েছেন। সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ শামসুল তাবরীজের তদন্ত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
নিয়ামতি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেন মৃধার বিরুদ্ধে ভিজিডি কার্ডধারী ২৪০ জনের জন্য চার মাসে (সেপ্টেম্বর-ডিসেম্বর) বরাদ্দ হওয়া ২৮ দশমিক ৮ মেট্রিক টন চাল বিতরণে ওজনে কম দেওয়ার অভিযোগ রয়েছে। এ ছাড়া গত বছরের নভেম্বরে ভিজিএফ (মৎস্য) কার্ডধারী ১৬৫ জনের জন্য বরাদ্দ হওয়া ৩ দশমিক ৩ মেট্রিক টন চাল বিতরণই করা হয়নি। ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে খাদ্যগুদাম থেকে চাল উত্তোলন করে আত্মসাতের অভিযোগ উঠেছে।
জেলেদের চাল আত্মসাতের ঘটনায় ২১ জানুয়ারি প্রথম আলোয় ‘বাকেরগঞ্জে জেলেদের চাল চেয়ারম্যানের পেটে?’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই দিনই ঘটনা তদন্তের জন্য জেলা প্রশাসন থেকে সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ শামসুল তাবরীজকে দায়িত্ব দেন। সরেজমিন পরিদর্শন করে তিনি গত ১৪ ফেব্রুয়ারি জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামানের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন।
সৈয়দ শামসুল তাবরীজ বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপস্থিতিতে জেলে ও ভিজিডি কার্ডধারীদের বক্তব্য নেওয়া হয়েছে। জেলেদের চাল উত্তোলন করা হলেও তা বিতরণ না করার প্রমাণ মিলেছে। অন্যদিকে ভিজিডি কার্ডধারীদের ৪ মাসে ১২০ কেজি চাল দেওয়ার কথা থাকলেও ৮০-৯০ কেজির বেশি কাউকে দেওয়া হয়নি। এ ব্যাপারে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছি। সেখানে চাল আত্মসাতের প্রমাণ পাওয়ার কথা উল্লেখও করেছি।’
চেয়ারম্যান আলমগীর হোসেন মৃধা গতকাল সোমবার মুঠোফোনে বলেন, ‘প্রতিবেদন দিলে কিছু হয় না। আমি চাল দেওয়ার ব্যবস্থা করছি। সবকিছু ঠিক হয়ে যাবে।’
এ ব্যাপারে জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান বলেন, ‘তদন্ত প্রতিবেদন পেয়েছি। ওই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। এ বিষয়ে এক-দুদিনের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হবে। মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’