চেয়ারম্যানের বিরুদ্ধে ছাত্রকে প্রত্যয়নপত্র না দেওয়ার অভিযোগ
পারিবারিক বিরোধের জের ধরে বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দবির উদ্দিন সরকারের বিরুদ্ধে রানা আহম্মেদ নামের এক ছাত্রকে প্রত্যয়নপত্র না দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে লিখিত অভিযোগ করেছেন ওই ছাত্র।
রানা ওই ইউনিয়নের শিবপুর গ্রামের আবদুস সামাদের ছেলে।
রানা বলেন, ইউপি চেয়ারম্যান দবির সম্পর্কে তাঁর মামা। তাঁরা একই গ্রামের বাসিন্দা। তিনি বগুড়া আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ইংরেজি বিষয়ে অনার্স মাস্টার্স শেষ করার পর বিসিএস দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এ কারণে তিনি প্রত্যয়নপত্রের জন্য সোমবার বেলা ১১টায় ইউপি কার্যালয়ে যান। নিয়ম অনুযায়ী পরিষদ থেকে প্রত্যয়নপত্র সংগ্রহ করে চেয়ারম্যান দবির উদ্দিনের কক্ষে যান। এ সময় তিনি প্রত্যয়নপত্রটি চেয়ারম্যানের কাছে উপস্থাপন করলে চেয়ারম্যান তাঁর ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে প্রত্যয়নপত্রটি ছিঁড়ে ফেলে গালাগালি করে তাঁকে ইউপি কার্যালয় থেকে বের করে দেন। এ সময় চেয়ারম্যান তাঁকে অপমানিত করেন এবং তাঁর শিক্ষাগত যোগ্যতা ধ্বংস করে দেবেন বলে ভয়ভীতি দেখান। পরে তিনি সোমবার বিকেলে ইউএনও কার্যালয়ে ওই লিখিত অভিযোগ দেন।
রানা আরও বলেন, তাঁর মায়ের পৈতৃক সম্পত্তি নিয়ে চেয়ারম্যান দবিরের সঙ্গে আগে থেকেই বিরোধ রয়েছে। এর জের ধরে চেয়ারম্যান ক্ষমতার অপব্যবহার করে তাঁকে প্রত্যয়নপত্র না দিয়ে ইউনিয়নের একজন নাগরিক হওয়ার পরও তাঁকে অধিকার থেকে বঞ্চিত করেছেন।
এ প্রসঙ্গে গতকাল মঙ্গলবার বিকেলে মুঠোফোনে চেয়ারম্যান দবিরের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি ফোন না ধরায় তাঁর কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে গাড়িদহ ইউপির সচিব সাজেদুল ইসলাম বলেন, তিনি চেয়ারম্যানকে ওই ছাত্রের নামে প্রত্যয়নপত্রটি স্বাক্ষর করার জন্য অনুরোধ করেছিলেন। কিন্তু চেয়ারম্যান সমস্যা আছে বলে প্রত্যয়নপত্রটি স্বাক্ষর করেননি।
ইউএনও সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় ওই ছাত্র তাঁর দপ্তরে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের আলোক তদন্তের ব্যবস্থা নেওয়া হয়েছে।