চেয়ারম্যানের বিরুদ্ধে জেলেদের চাল চুরির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে জেলেদের তালিকায় ভুয়া নাম দিয়ে প্রায় সাত মেট্রিক টন (সাত হাজার ২৯০ কেজি) চাল চুরির অভিযোগ উঠেছে। সোনাপুর ইউনিয়ন সূত্রে জানা গেছে, জাটকা সংরক্ষণের অংশ হিসেবে ইউনিয়নের এক হাজার ১৫০ জন অসহায় বেকার জেলেকে সহায়তার জন্য চাল বরাদ্দ এসেছে। প্রতি পরিবারকে চার মাস (ফেব্রুয়ারি-মে) ৩০ কেজি করে ১২০ কেজি চাল দেওয়ার কথা। এ জন্য ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ মো. শাহাবুদ্দিনকে উপজেলা প্রশাসন দুই মাসের (ফেব্রুয়ারি-মার্চ) ৬৯ মেট্রিক টন চালের ছাড়পত্র দিয়েছেন। ১৫ এপ্রিল তজুমদ্দিন খাদ্য গুদাম থেকে চেয়ারম্যান চাল উত্তোলন করে বিতরণ শুরু করেন।নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শী একাধিক জেলে জানান, ১৫ এপ্রিল জেলেদের ৬০ কেজির স্থলে ৫০-৫৫ কেজি চাল দেওয়া হয়েছে। পরদিন প্রতি দুজন জেলেকে ৬০ কেজি ভাগ করে দেওয়া হয়েছে। তাও একজন জেলে ৩০ কেজির স্থলে ২৩-২৫ কেজি পেয়েছেন।তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অহিদুল্লাহ জসিম বলেন, ‘গত সোমবার দুপুরে সোনাপুর ইউনিয়ন পরিষদে গিয়ে দেখি একজন চৌকিদারসহ দু-তিনজন চাল বিতরণ করছেন। এ সময় খোঁজ নিয়ে জানা গেল, ৬২০ জন জেলেকে চাল দেওয়া বাকি আছে। চাল আছে প্রায় ২৬ হাজার ৫৭২ কেজি (৫১১ বস্তা, এক বস্তা-৫২ কেজি)। কিন্তু চাল থাকার কথা ৩৭ হাজার ২০০ কেজি (৭১৫ বস্তা)। ইউনিয়ন পরিষদের অস্থায়ী গুদামে চাল কম আছে ১০ হাজার ৬২৮ কেজি (২০৪ বস্তা)। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করেছি।’তজুমদ্দিন উপজেলা গুদাম কর্মকর্তা (ওসি-এলএসডি) নুরুল্লাহ বলেন, ১৫ এপ্রিল সোনাপুর ইউনিয়নের মৎস্য ভিজিএফের ৬৯ মেট্রিক টন চাল উত্তোলন করার কথা ছিল। সন্ধ্যা হয়ে যাওয়ায় চেয়ারম্যান সব চাল একসঙ্গে নিতে পারেননি। এ জন্য ইউপি চেয়ারম্যান সাত হাজার ২৯০ কেজি চাল গুদামে রেখে গেছেন।সোনাপুর ইউনিয়নের ত্রাণ বিতরণ তদন্ত কর্মকর্তা মো. শাজাহান বলেন, ‘ইউনিয়নের গুদামে চাল আছে ২৫ হাজার ৭৪০ কেজি। বাকি চাল সরকারি খাদ্য গুদামে আছে। কোনো জেলেকে চাল কম দেওয়া হয়নি।’ সোনাপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ মো. শাহাবুদ্দিন বলেন, ‘আমাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য একটি পক্ষ এ ধরনের চক্রান্ত চালাচ্ছে। আমি আগামীতে এ ইউনিয়নে নির্বাচন করব, এ ধরনের কাজ করতে যাব কেন?’ইউএনও খায়রুল হাসান বলেন, ‘ছাড়পত্র অনুযায়ী সম্পূর্ণ চাল উত্তোলন করে বিতরণ করতে হবে। আমি সোনাপুর ইউনিয়নের ত্রাণ বিতরণ তদন্ত কর্মকর্তা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে লিখিতভাবে বিষয়টি জানতে চেয়েছি। সঠিক তদন্ত না হওয়া পর্যন্ত বাকি চাল বিতরণ বন্ধ থাকবে।’