চেয়ারম্যানের বিরুদ্ধে ত্রাণের চাল আত্মসাতের অভিযোগ
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মহসীন আহমেদের বিরুদ্ধে ঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দ দেওয়া ত্রাণের (জিআর) ছয় টন চাল আত্মসাৎ করার অভিযোগ উঠেছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ২৭ এপ্রিল রাতে উপজেলায় কালবৈশাখীতে জয়শ্রী ইউনিয়নের অনেকের ঘরবাড়ি ও ফসল ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত ৭৭৮টি পরিবারের মধ্যে বিতরণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে গত মে মাসের প্রথম সপ্তাহে ছয় টন চাল (জিআর) এবং জুনের শেষ সপ্তাহে ৯৭০টি অসহায় ও দরিদ্র পরিবারকে দেওয়ার জন্য ভিজিএফের নয় টন ৯৭০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়।
গত ২৯ জুন মধ্যনগর খাদ্যগুদাম থেকে সংশ্লিষ্ট ইউপির চেয়ারম্যান জিআর ও ভিজিএফের চাল একসঙ্গে তোলেন। ৩০ জুনের মধ্যে এসব চাল বিতরণ করার কথা। কিন্তু ৩ জুলাই তড়িঘড়ি করে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চাল বিতরণ করা হয়। কিন্তু এটা জিআর না ভিজিএফের চাল, চেয়ারম্যান তা বলেননি।
জয়শ্রী গ্রামের কাঞ্চন সরকার ও মফিজনগর গ্রামের পারভীন জানান, ১০ কেজি করে চাল দেওয়ার কথা ছিল। কিন্তু তাঁরা সাড়ে চার থেকে পাঁচ কেজি করে চাল পেয়েছেন। জয়শ্রী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য শাহজাহান কবীর ও ২ নম্বর ওয়ার্ডের সদস্য সঞ্জু মোহন সরকার বলেন, তালিকা অনুযায়ী চাল বিতরণ করা হয়নি। এমনকি মাস্টাররোলও করা হয়নি। চেয়ারম্যান নিজে উপস্থিত থেকে লোকজনের মধ্যে সর্বোচ্চ পাঁচ কেজি করে চাল বিতরণ করেছেন । এ ছাড়া তিনি এগুলো জিআর না ভিজিএফের চাল, তা তাঁদের বলেননি।
উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আবদুল মুকিত বলেন, ঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকায় থাকা অধিকাংশ লোকজন ত্রাণের চাল পাননি। চেয়ারম্যান ওজনে কম দিয়ে ভিজিএফের চাল বিতরণ করেছেন। ত্রাণের ছয় টন চালই তিনি আত্মসাৎ করেছেন।
মহসীন আহমেদ দাবি করেন, ‘জিআর ও ভিজিএফের বরাদ্দ পাওয়া চাল একই দিনে উত্তোলন করে তা দরিদ্র লোকজনদের মধ্যে বিতরণ করেছি। তবে বিতরণের সময় অতিরিক্ত লোকজন চলে আসায় ওজনে কিছুটা কম দিতে হয়েছে।’