চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রুহুল আমিন প্রধানের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। এ ব্যাপারে নয়জন ইউপি সদস্য গতকাল সোমবার জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছেন।
ইউপি সদস্যরা দাবি করেন, তাঁরা নির্বাচিত জনপ্রতিনিধি হয়েও চেয়ারম্যানের অনৈতিক কর্মকাণ্ডের কারণে এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে অংশ নিতে পারছেন না।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, ইউনিয়নের যাবতীয় সরকারি অনুদান ও বরাদ্দ বিলিবণ্টনের ব্যাপারে ইউপি চেয়ারম্যান এককভাবে সিদ্ধান্ত নিয়ে আসছেন। স্থানীয় সরকার সহায়তা প্রকল্পের (এলজিএসপি-২) আওতায় ২০১৩-১৪ অর্থবছরে পাঁচ লাখ ৬৮ হাজার ৮৮১ টাকার দুটি প্রকল্প নেওয়া হয়। একটি প্রকল্পের সভাপতি করা হয় ইউপি চেয়ারম্যানের ছেলে মনিরুজ্জামান এবং অপরটিতে করা হয় তাঁর (চেয়ারম্যান) বিশ্বস্ত ইয়াছিন আলীকে। উভয়ে কোনো ঠিকাদার বা নির্বাচিত ইউপি সদস্য নন। মূলত অর্থ আত্মসাতের উদ্দেশ্যেই এটা করা হয়েছে। এক লাখ টাকার নলকূপ স্থাপন প্রকল্প কাগজে-কলমে দেখানো হলেও বাস্তবে এমন কোনো প্রকল্প নেই। মূলত বেসরকারি উন্নয়ন সংস্থা সূচনা ও ইএসডিও নলকূপ স্থাপন, সংস্কার ও নলকূপের পাদদেশ পাকা করার কাজ করেছে। এই প্রকল্পটি দেখিয়ে সমুদয় টাকা আত্মসাৎ করা হয়েছে।
গত অর্থবছরে নতুন ৬২টি বয়স্ক ও বিধবা ভাতার কার্ড বরাদ্দ পাওয়া যায়। সব কার্ড তিনি একাই বিতরণ করেন। ৮০ জন মৃত, বয়স্ক ও বিধবা ব্যক্তির নামে ভাতা উত্তোলন করে আত্মসাৎ করেছেন। চার মাস ধরে সদস্যদের সম্মানী ভাতার টাকা বকেয়া রয়েছে। কিন্তু চেয়ারম্যান নিজের ভাতা নিয়মিতই তুলছেন।
মুঠোফোনে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান রুহুল আমিন প্রধান তাঁর ছেলেকে প্রকল্পের চেয়ারম্যান করার কথা স্বীকার করেন। অন্য অভিযোগের ব্যাপারে তিনি বলেন, ‘যাঁরা অভিযোগ এনেছেন তাঁরাই ভালো বলতে পারবেন। নিরপেক্ষ তদন্ত হলে প্রকৃত তথ্য বেরিয়ে আসবে।’