চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু হাচানের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ওই ইউপির নয়জন সদস্য।

গতকাল সোমবার বিকেলে জেলা শহরের মিডিয়া হাউসে ওই সংবাদ সম্মেলন হয়। এর আগে চেয়ারম্যানের বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর অভিযোগ দাখিল করেন সদস্যরা।

ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য সিরাজুল ইসলামের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মফিজুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আবদুল জলিল, আবদুল আজিজ, আবদুল হাই, জহিরুল ইসলাম, আজিজুল ইসলাম, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য রুনা আক্তার, রিনা আফরোজ।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, বন্যায় এলাকার ক্ষতিগ্রস্ত রাস্তা ও কালভার্ট মেরামতে সদস্যদের নামে ভুয়া রেজল্যুশনের মাধ্যমে প্রকল্প দাখিল করেন ইউপি চেয়ারম্যান। এরপর গত ৮ জুলাই এই প্রকল্পের দুই লাখ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন। ২০১৬-১৭ অর্থবছরের চিলাহাটি সাবরেজিস্ট্রি কার্যালয় থেকে পাওয়া রাজস্ব আয়ের প্রায় এক লাখ টাকা অবৈধভাবে উত্তোলন করে আত্মসাৎ করেছেন। একই বছরে কাবিটা প্রকল্পের বরাদ্দ উত্তোলন করে আত্মসাৎ করেছেন। ওই অর্থবছরে এডিবি প্রকল্পের বরাদ্দের টাকা নিজ স্বার্থে ব্যবহার করেছেন। পাশাপাশি গত মৌসুমে খাদ্যগুদামে কৃষকদের গম সরবরাহের স্লিপ কৃষকদের হাতে না দিয়ে নিজের লোক দিয়ে ২৫ মেট্রিক টন গম সরবরাহ করে ব্যবসা করেছেন।

সংরক্ষিত ওয়ার্ডের সদস্য রুনা আক্তার অভিযোগ করেন, ‘চেয়ারম্যান নারী সদস্যদের মূল্যায়ন করেন না, সব সদস্যকে ফাঁকি দিয়ে তাঁদের নাম ব্যবহারের মাধ্যমে বিভিন্ন প্রকল্পের টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন। আমরা নয়জন সদস্যের স্বাক্ষর করা অভিযোগ ডিসি স্যার বরাবর দিয়েছি। ব্যবস্থা না হলে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনব।’

এ ব্যাপারে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান বলেন, ‘সদস্যদের অভিযোগ ভিত্তিহীন, স্বার্থে আঘাত লাগার কারণে তাঁরা এ ধরনের অভিযোগ করছেন। এর আগে তাঁরা আমার কাছে টাকা দাবি করেছিল, আমি টাকা দিইনি।’