চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অভিযোগ, তদন্ত শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুর রহমানের বিরুদ্ধে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বিশেষ বরাদ্দসহ পরিষদের তহবিলের অর্থ ব্যয় ও প্রকল্প গ্রহণে স্বেচ্ছাচারের অভিযোগ উঠেছে।
১১ মে উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যানসহ আট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান উপজেলা পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিবের কাছে লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল ব্যবহারের নির্দেশিকা অনুযায়ী একটি প্রকল্প বাছাই কমিটি রয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান ওই কমিটির আহ্বায়ক। কিন্তু তিনি প্রকল্প বাছাই কমিটির কোনো সভা না করে ইউপি চেয়ারম্যানদের প্রস্তাব করা প্রকল্পগুলো গ্রহণ না করে ইচ্ছামতো প্রকল্প করেন। তিনি প্রকল্প গ্রহণে খাতওয়ারি বণ্টন, জনসংখ্যা ও আয়তন অনুসারে বিভাজনের বিষয়টি উপেক্ষা করে নিজের মতো করে বিভাজন করেন। দরপত্রে প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে দুই লাখ টাকার নিচের প্রকল্প জনপ্রতিনিধিদের মাধ্যমে বাস্তবায়নের নির্দেশ থাকলেও ছোট ছোট প্রকল্প একীভূত করে প্যাকেজ দরপত্র আহ্বান করেন। ইউনিয়ন পরিষদের রাজস্ব স্থাবর সম্পত্তি হস্তান্তর করের শতকরা এক ভাগ হিস্যা সরকারি পরিপত্র অনুযায়ী জনসংখ্যা ও আয়তন অনুসারে বিভাজন না করে উপজেলা পরিষদের চেয়ারম্যানের নির্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা তা ব্যয় করে থাকেন। উপজেলা ভূমি উন্নয়ন করের শতকরা দুই ভাগ টাকা উপজেলা সমন্বয় সভায় উপস্থাপন ছাড়াই ইচ্ছামতো ব্যয় করে থাকেন। উপজেলা পরিষদের কাবিখা, টিআরের কর্তন করা অর্থ, চাল, গমিভিত্তিক প্রকল্প উপজেলা সমন্বয় সভায় উপস্থাপন ছাড়াই উপজেলা পরিষদের চেয়ারম্যান পছন্দমতো ব্যক্তিকে বরাদ্দ দিয়ে থাকেন। উপজেলা পরিষদের অতি দরিদ্র কর্মসূচির আওতায় নন ওয়েজ কস্টের বরাদ্দ করা অর্থ ও ত্রাণসামগ্রী জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা না করে ইচ্ছামতো বণ্টন ও বিতরণ করে থাকেন তিনি। উপজেলা নারী ভাইস চেয়ারম্যান মাকসুদা আক্তারসহ আট ইউপি চেয়ারম্যানের অভিযোগের পর স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত এক চিঠিতে স্থানীয় সরকার বিভাগের পিরোজপুরের উপপরিচালক মো. কাজী তোফায়েল হোসেনকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়। গত মঙ্গলবার কাজী তোফায়েল হোসেন সরেজমিনে অভিযোগের তদন্ত করেন।
মো. কাজী তোফায়েল হোসেন গতকাল বুধবার বিকেলে প্রথম আলোকে বলেন, মঠবাড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে ওঠা আটটি অভিযোগের অধিকাংশই প্রমাণ হয়েছে।
উপজেলার ধানীসাফা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ বলেন, প্রকল্প গ্রহণে পরিপত্রে রয়েছে জনসংখ্যা অনুসারে ৩৫ শতাংশ ও আয়তন অনুসারে ৩৫ শতাংশ ও অন্যান্য জনগুরুত্ব বিবেচনায় ৩০ শতাংশ হিসেবে বিভাজন করতে হবে। কিন্তু উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকল্পগুলো পরিপত্র অনুযায়ী বিভাজন করেননি। ২০১৬-১৭ অর্থবছরে ২১ হাজার ৯৪ জনসংখ্যা-অধ্যুষিত হলতা গুলিসাখালী ইউপিতে এডিপির সাড়ে ২৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আবার ১৭ হাজার ৮৮৭ জনসংখ্যা-অধ্যুষিত তুষখালী ইউপিতে মাত্র সাড়ে ৯ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুর রহমান ভারতে থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বলেন, সব প্রকল্প গ্রহণ ও ব্যয় সরকারি অর্থবিধি অনুযায়ী করা হয়েছে। উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে করা অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন।