চেয়ারম্যানের বিরুদ্ধে প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ভুয়া প্রকল্প, নাম, বিল ও ভাউচার ব্যবহার করে ১২ লাখ ৬২ হাজার টাকা আত্মসাৎ করেছেন বলে ইউপির আটজন সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।অভিযোগ সূত্রে জানা গেছে, আন্ধারীঝাড় ইউনিয়নে স্থানীয় সরকার সহযোগিতা প্রকল্পের (এলজিএসপি) অধীন নয়টি প্রকল্পে চলতি অর্থবছরে নয় লাখ ৬২ হাজার ৩৮০ টাকা বরাদ্দ আসে। কিন্তু কোনো কাজ না করেই ইউপি চেয়ারম্যান এ টি এম গাজীউর রহমান ইউপি সচিব ফজলু মণ্ডলের যোগসাজশে পুরো টাকা আত্মসাৎ করেছেন। একইভাবে তিনি বৈদেশিক সাহায্যনির্ভর ননওয়েজ প্রকল্পের এক লাখ ৪৫ হাজার টাকা এবং ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পে ভুয়া নাম ব্যবহার করে এক লাখ ৫৪ হাজার টাকা আত্মসাৎ করেছেন।এলজিএসপি প্রকল্পের অধীনে ৬ নম্বর ওয়ার্ডের হেলোডাঙ্গা মৌজায় হানিফুল উলুম কওমি মাদ্রাসার ঘরের দরজা ও জানালা মেরামতের জন্য এক লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। অথচ এই মাদ্রাসাটি এক বছর আগে দুধকুমোর নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে। এই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শের আলী জানান, যে মাদ্রাসার অস্তিত্ব নেই, সেটি আবার এলজিএসপি প্রকল্পের আওতায় আসে কীভাবে।চর ধাওরারকুটি ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মকবুল হোসেন অভিযোগ করেন, তাঁর ওয়ার্ডে এক লাখ টাকা ব্যয়ে হতদরিদ্রদের মধ্যে রিংস্লাব সরবরাহের জন্য প্রকল্প হাতে নেওয়া হয়। সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য হিসেবে তিনি এ প্রকল্পের সভাপতি হলেও জুন ক্লোজিংয়ের (সরকারি আয়-ব্যয়ের হিসাবের শেষ মাস) অজুহাতে ইউপি চেয়ারম্যান ও সচিব দুজনে মিলে সমুদয় টাকা দুটি চেকে সই করে নিয়ে নেন। এক মাস পেরিয়ে গেলেও চেয়ারম্যান গাজীউর রহমান টাকা দিচ্ছেন না। এতে প্রকল্পের কোনো কাজ করা সম্ভব হয়নি।১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য ফরিদা পারভীন এবং ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সাহেরা বেগম এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সাজেদা বেগম একই ধরনের অভিযোগ করেন। ননওয়েজ প্রকল্পের আওতায় চর বারাইটারী বড়ইতলা মরাছড়ার ওপর বাঁশের সাকো এবং বীর বারাইটারী আকবর মাস্টারের বাড়ির সামনে দুধকুমোর নদীর মরা খালের ওপর বাঁশের সাঁকো মেরামতের জন্য মোট এক লাখ ৪৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু সাঁকো মেরামতের কোনো কাজ হয়নি। আন্ধারীঝাড় ইউপির চেয়ারম্যান এ টি এম গাজীউর রহমান এলজিএসপি, ননওয়েজ ও কর্মসৃজন প্রকল্পের টাকা আত্মসাৎ করার অভিযোগ অস্বীকার করেছেন। ইউএনও মো. আহসান হাবীব লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে উপজেলা প্রকৌশলীকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত দল গঠন করে দেওয়া হয়েছে।